মনোনয়নপত্র বাতিলে ষড়যন্ত্রের অভিযোগ
কিশোরগঞ্জে স্থানীয় প্রশাসন ষড়যন্ত্র করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার ভৈরব উপজেলা সদরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী হতে ইচ্ছুক অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ।
ফখরুল আলমের অভিযোগ, ক্ষমতাসীনদের ইঙ্গিতে স্থানীয় ‘তল্পীবাহক’ প্রশাসন ষড়যন্ত্রমূলকভাবে তার মনোনয়নপত্র বাতিল করেছে।
ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ভৈরব পৌরসভার দুইবারের নির্বাচিত মেয়র ফখরুল আলম আক্কাছ লিখিত বক্তব্যে বলেন, তার জয় সুনিশ্চিত জেনে ভীত হয়ে নিজেদের প্রার্থীকে জয়ী করতে ক্ষমতাসীন দলের একটি চক্র স্থানীয় প্রশাসনকে দিয়ে ভয়-ভীতি দেখিয়ে তার পক্ষে স্বাক্ষর করা দুই ব্যক্তির নারাজি আদায় করেছে।
সংবাদ সম্মেলনে অনলাইন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকরা এবং তার বেশকিছু অনুসারী উপস্থিত ছিলেন।
