২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী জোটকে সংযত হওয়ার আহ্বান এইচআরডব্লিউ’র

জামায়াতে ইসলামী ও বিএনপিসহ বিরোধী দলীয় জোটের নেতাকর্মীদের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2013, 07:35 PM

Updated : 25 Apr 2022, 07:40 PM

একই সঙ্গে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণের সময় মারণাস্ত্র ব্যবহার বা অতিরিক্ত বলপ্রয়োগ করা থেকে বিরত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সরকারি আদেশ জারির অনুরোধ করেছে সংস্থাটি।

এইচআরডব্লিউ এশিয়া অঞ্চলের পরিচালক ব্রাড অ্যাডামসের সই করা এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সহিংসতার ঘটনাগুলোতে দ্রুত, কার্যকর ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে সরকারের উচিত একটি স্বাধীন কমিশন গঠন করে দায়ী সবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।

এতে বলা হয়, “সাম্প্রতিক দিনগুলোতে নিরাপত্তা বাহিনী বিরোধী দলের বিরুদ্ধে অভিযানে নেমেছে বলে মনে হচ্ছে। জামায়াত সমর্থকরা পুলিশ ফাঁড়ি, সরকারি ভবন, ক্ষমতাসীন দলের কর্মী ও হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপর হামলা চালিয়েছে।

“গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অন্তত ২০ জন নিহত হয়েছে এবং আটক হয়েছেন আরো অনেকে।”

ব্রাড বলেন, “নিরাপত্তা বাহিনী ও বিরোধী জঙ্গি কর্মীদের মধ্যে লাগাতার ভয়াবহ সংঘর্ষের মানুষের মৃত্যু, অবকাঠামোর ক্ষয়ক্ষতি ও ত্রাসের সৃষ্টি হচ্ছে।

“জামায়াতসহ অন্য বিরোধী দলগুলোর বিক্ষোভের যৌক্তিক কারণ থাকলেও তাদের সমর্থকদের সৃষ্ট ভয়াবহ মাত্রার সহিংসতার কোনো যুক্তি নেই।”