মাদ্রাসা শিক্ষকের ঘরে ‘শিবিরের’ আগুন
চট্টগ্রামের লোহাগাড়ায় এক মাদ্রাসা শিক্ষকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
উপজেলার চুনতি ইউনিয়নের সাতঘরা এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত শিক্ষক পটিয়ার শাহ চাঁন আউলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ছৈয়দুল হক হোসাইনী। মাওলানা ছৈয়দুল হক আহলে ও’য়াল সুন্নত জামায়াতের সমর্থক।
জামায়াত-শিবিরকর্মীরা আগুন দেয়ার ঘটনায় জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
মাওলানা ছৈয়দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “সোমবার রাত পৌনে ২টার দিকে পেট্রোল ঢেলে আমার বাড়িতে আগুন দেয়া হয়।”
ঘরে তখন বাক প্রতিবন্ধী ছোট ভাই নজিবুল হকসহ পরিবারের অন্য সদস্যরা ছিলেন।
তিনি বলেন, “আগুন দেখে স্থানীয়রা আমাকে খবর দিলে আমি বিষয়টি পুলিশকে অবহিত করি। গত বৃহস্পতিবার রাতে যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার পর ওই এলাকায় একটি বেইলি ব্রিজ কেটে দেয়ায় পুলিশ যেতে পারেনি।”
লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান বলেন, “রাতে দুর্বৃত্তরা ছৈয়দুল হকের বাড়িতে আগুন দেয়।”
পুলিশ বিষয়টি তদন্ত করছে বলেও জানান তিনি।
