গাইবান্ধায় ব্যবসায়ীর লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাঁচ দিন ধরে নিখোঁজ এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার খানাবাড়ি বৈরাগীপাড়ায় একটি পুকুরে মনিরুল ইসলামের (৪৮) লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি ময়নুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাত থেকেই নিখোঁজ ছিলেন মনিরুল। এ জন্য স্বজনরা শনিবার থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ব্যবসা নিয়ে বিরোধের জেরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
মনিরুলের গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার মনজিতপুর গ্রামে। একবছর ধরে গোবিন্দগঞ্জ সদরে একটি বাসায় ভাড়া থাকতেন। সেখানে ধান-গম-সব্জিসহ নানা শস্যের বীজের ব্যবসা করছিলেন।
