২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক মামলায় জামিন পেলেন হান্নান সপু বাবু

গাড়ি পোড়ানোর একটি মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2013, 02:42 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

তবে গত ৫ মে হেফাজতের সমাবেশে তাণ্ডবের ঘটনায় দায়ের করা পৃথক তিন মামলায় হান্নান শাহকে গ্রেপ্তার দেখিয়ে ২৭ দিন রিমান্ডে নেয়ার আবেদন করেছে পুলিশ।
 

আবেদনটি গ্রহণ করে আগামী ২৪ ডিসেম্বর শুনানির জন্য দিন ধার্য করেছেন ঢাকার মহানগর হাকিম আতিকুর রহমান।

রমনা থানার আরেক মামলায় জামিন দেয়া হয়েছে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুকেও।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক হুমায়ূন কবীর মঙ্গলবার তাদের জামিন মঞ্জুর করেন।

তবে আরো মামলা বিচারাধীন থাকায় এখনই তাদের মুক্তি হচ্ছে না বলে জানান তাদের আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ।

গত ২৫ নভেম্বর গুলশানের জাপান দূতাবাসের সামনে থেকে হান্নান শাহকে আটক করা হয়। গাড়ি পোড়ানো ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে মতিঝিল থানার দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পরে ভাটারা থানার একটি মামলাতেও হান্নান শাহকে গ্রেপ্তার দেখায় পুলিশ। দুই দিনের ‍রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর গত ২৮ নভেম্বর তাকে কারাগারে পাঠায় আদালত।

ভাটারা থানার ওই মামলায় বলা হয়েছে, হান্নান শাহের পরিকল্পনায় এজহারভুক্ত আসামিরা প্রগতী সরণিতে গত ১৬ অক্টোবর একটি গাড়িতে আগুন দেয়।

কারা তত্ত্বাবধানে বারডেম হাসপাতালে চিকিত্সাধীন হান্নান শাহর পক্ষে তার আইনজীবীরা জামিনের আবেদন করলে মঙ্গলবার তা মঞ্জুর করে আদালত। 

একই সময়ে শরাফত আলী সপু ও শফিউল বারী বাবুকেও রমনা থানার এক মামলায় জামিন দেয় আদালত।

গত ২ মার্চ বিএনপির বিক্ষোভ মিছিল থেকে শান্তিনগর ও মগবাজারসহ আশপাশের এলাকায় পুলিশের ওপর হামলা, পুলিশের কাজে বাধা ও হাতবোমা বিস্ফোরণের অভিযোগে দায়ের করা ওই মামলায় পুলিশ সপু ও বাবুকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করে। 

স্বেচ্ছাসেবক দলের এই দুই নেতার বিরুদ্ধেও আরো বেশ কয়েকটি মামলা বিচারাধীন।