২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি: রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে অব্যাহতি

দুদকের তদন্তে অভিযোগের সত্যতা মেলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শাহজাহান আলী মণ্ডলকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2013, 01:21 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

সহকারি রেজিস্ট্রার (কাউন্সিল) ময়নুল আজাদকে নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একেএম নূর উন নবী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সাবেক উপাচার্য আবদুল জলিল মিয়া ও রেজিস্ট্রার শাহজাহান আলী মণ্ডলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা মেলায় গত বৃহস্পতিবার রংপুর কোতোয়ালি থানায় তাদের আসামি করে মামলা করে দুদক।  

মামলায় বলা হয়, উপ-রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পাওয়া শাহজাহান আলী মণ্ডলকে ক্ষমতার অপব্যবহার করে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব দেন সাবেক উপাচার্য আব্দুল জলিল মিয়া। এছাড়া তারা বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদিত ২৮৫ জন জনবলের বিপরীতে ৬৭৪ জনকে নিয়োগ দেন।

উপ-রেজিস্ট্রার হিসেবে শাহজাহান আলী মণ্ডলের নিয়োগও যথাযথ প্রক্রিয়ায় হয়নি বলেও এজাহারে উল্লেখ করা হয়।

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে এর আগে গত ৫ মে উপাচার্য ড. আব্দুল জলিলকে অব্যাহিত দেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী তার বিরুদ্ধে ওই ব্যবস্থা নেন রাষ্ট্রপতি।

বর্তমানে আবদুল জলিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।