২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে সংঘর্ষে আহত জামায়াত কর্মীর মৃত্যু

জয়পুরহাটে পুরানাপৈল এলাকায় রোববার পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত জামায়াতে ইসলামীর আরেক কর্মী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চার জনে দাঁড়িয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2013, 12:46 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

জয়পুরহাট সদর থানার ওসি আব্দুর রশিদ জানান, মঙ্গলবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে  আব্দুর রহমানের মৃত্যু হয়েছে। তার বাড়ি জয়পুরহাট সদর উপজেলার তুলাট গ্রামে।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত রোববার বিকেলে সংঘর্ষে পুলিশের গুলিতে গুরুতর আহত রহমানকে প্রথমে জেলা আধুনিক হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়। সংঘর্ষে তাদের আরো আট কর্মী আহত হয়েছেন।

নিহত রহমান একসময় পুরানাপৈল ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন বলে জানান ওসি রশিদ।  

এ ঘটনায় নিহত অন্যরা হলেন- ভ্যানচালক ফিরোজ (৩০) এবং শিবিরকর্মী শামীম হোসেন (২৫) ও ইনসান আলী (৩০)।   

এদিকে পুরানাপৈল ও হালট্টি গ্রামে রোববারের সংঘর্ষে হতাহতের প্রতিবাদে মঙ্গলবার জয়পুরহাটে সকাল-সন্ধ্যা হরতাল  করছে জামায়াত।

রোববার বিকালে জামায়াত-শিবির কর্মীরা পুরানাপৈল বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে পাঁচটি পেট্রোল বোমা ছোড়ে এবং বিভিন্ন সরকারি কার্যালয়ে নাশকতা চালায়।

তাদের বাধা দিতে পুলিশের দিকে তীর ও হাতবোমা ছোড়ে জামায়াত কর্মীরা। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের পর জয়পুরহাট শহরে রোববার বিকাল ৫টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।