সায়েদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় শিশু নিহত
রাজধানীর সায়েদাবাদ লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাস একটি রিকশাকে চাপা দিলে এক শিশু নিহত হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত শিশুটির পরিচয় পাওয়া যায়নি। ছেলে শিশুটির বয়স আনুমানিক ১০ বছর।
কমলাপুর রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে নারায়ণগঞ্জগামী ট্রেনটি লেভেল ক্রসিংয়ে একটি লোকাল বাসকে ধাক্কা দেয়।
এত বাসটি পাশে থাকা একটি রিকশাকে ধাক্কা দিলে ওই শিশুটি মারাত্মক আহত হয়। পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, “খালি লোকাল বাসটি ওই সময় ঘোরার জন্য পেছনে দিকে আসছিল। বাসের পেছনের অংশ রেল লাইনের ওপর উঠে গেলে ট্রেনের ধাক্কা লাগে।”
এ ঘটনায় আর কেউ আহত হয়েছে কি না, তা ওসি জানাতে পারেননি। বাসের চালক অক্ষত বলে জানিয়েছেন তিনি।
