বিজয় দিবসের নানা আয়োজন জেলায় জেলায়
যুদ্ধাপরাধীদের বিচারের কারণে জামায়াতের ব্যাপক সহিংসতার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা, ভালোবাসাসহ নানা আয়োজনে জেলায় জেলায় বিজয় দিবস উদযাপিত হচ্ছে।
যুদ্ধাপরাধে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করার মধ্য দিয়ে স্বাধীনতার ৪২ বছর পর এবারের বিজয় দিবস পেয়েছে নতুন মাত্রা।
গত বৃহস্পতিবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলে আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হয়।
এরপর সারাদেশে জামায়াত-শিবিরের চলমান সহিংসতা আরো ব্যাপক আকার ধারণ করে।
বিভিন্ন জেলায় আওয়ামী লীগ ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ, রেল লাইন উৎপাটন, সড়ক কেটে দেয়া, গাছ কেটে অবরোধসহ হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে তারা।
এর পরিপ্রেক্ষিতে বিজয়ের এই দিনে স্বাধীনতার বিরোধিতাকারী এই দলটির বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান আরো জোরালো হয়ে ওঠে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
সিলেট
দিবসের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাবনত চিত্তে স্বাধীনতা যুদ্ধের বীর সেনানীদের স্মরণ করেন।
প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার বাস্তবায়ন কমিটি। এরপর একে একে জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, সংসদ সদস্যবৃন্দ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভাগীয় কমিশনার, মহানগর পুলিশ কমিশনার, ডিআইজি, পুলিশ সুপার, সিলেট প্রেসক্লাব, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বিজেপি, সেক্টর কমান্ডারর্স ফোরাম, জাসদ, সিলেট চেম্বার, আইনজীবী সমিতি, বিএমএ, স্বাচিপ, উদীচি, সম্মিলিত নাট্য পরিষদসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে সিলেট কালেক্টরেট প্রাঙ্গণ থেকে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় দিনের কার্যক্রম।
সকাল ৯টায় সিলেট স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজন করে কুচকাওয়াজ অনুষ্ঠান।
বিকাল ৩টায় সিলেট সিটি কর্পোরেশন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে বিজয় শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চট্টগ্রাম
বিজয়ের প্রথম প্রহরে স্বাধনিতার শহীদদের শ্রদ্ধা জানাল বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানায় পুলিশের একটি চৌকষ দল। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়।
পরে একে একে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সিডিএ চেয়ারম্যান, জেলা পরিষদ প্রশাসক, ডিআইজি, চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার ও পুলিশ সুপার।
এছাড়া বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সৈয়দ ওয়াহিদুল আলম, জাতীয় পার্টর সোলায়মান আলম শেঠ শ্রদ্ধা জানান।
শেরপুর
দুপুরে শেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানদের সংবর্ধনা দেয় জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তরা বিএনপি-জামায়াতের যানবাহনে আগুন, মানুষ পুড়িয়ে হত্যা, নৈরাজ্য ও ধ্বংসযজ্ঞসহ ষড়যন্ত্রের নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও যুদ্ধাপরাধীদের বিচার কাজকে তড়ান্বিত করতে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
সংবর্ধনার শুরুতে মহান মুক্তিযুদ্ধের শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিটের নীরবতা পালন করা হয়। সেইসঙ্গে ফুলের পাপড়ি ছিটিয়ে দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের বরণ করা হয়।
নরসিংদী
জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্র্মসূচি পালিত হয়েছে। সকাল ৭টায় শহীদদের বেদিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন স্তরের মানুষ ও সরকারি-বেসরকারি সংস্থা।
সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে মোছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন স্কুল কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে।
পরে স্কুলের শিশুদের অংশগ্রহণে ডিসপ্লে প্রদর্শন করা হয়।
এছাড়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিও হাতে নেয়া হয়।
মুন্সীগঞ্জ
প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনার পর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুস্পমাল্য অর্পণ করেন বিভিন্ন স্তরের মানুষ।
এরমধ্যে রয়েছেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেসিন্সয়াল মডেল কলেজের অধ্যক্ষ, প্রেসক্লাব সভাপতি প্রমুখ।
এরপরই স্টেডিয়ামে কুচকাওয়াজ, মনোজ্ঞ ডিসপ্লে, সরকারি হরগঙ্গা কলেজ পুকুরে হাঁসধরা ও সাঁতার প্রতিযোগিতা, জেলা শিল্পকলা একাডেমি মিলনায়নে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, কাবাডি প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল, মেয়েদের হ্যান্ডবল, কাবাডি, রশি টানাটানি ও হাড়িভাঙা প্রতিযোগিতা।
সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে রয়েছে “সুখী সমৃদ্ধ ক্ষুদা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
কুড়িগ্রাম
জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে।
পরে মুক্তিযোদ্ধাদের সম্মানে কুড়িগ্রাম সার্কিট হাউসে দুপুরের খাবারের আয়োজন করা হয়।
জামালপুর
বিজয়ের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির পর জামালপুর শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি ও জামালপুর প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
সকালে মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ।
এছাড়া স্বেচ্ছায় রক্তদান, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সর্ম্বধনাসহ নানা কর্মসূচি পালিত হয়।
ফেনী
প্রথম প্রহরে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌর পরিষদ, সরকারি/বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে।
দুপুরে ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ ও সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমেতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
ভোলা
সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ করে প্রশাসনসহ বিভিন্ন সংগঠন।
পরে ভোলা গজনবী স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মো. সেলিম রেজা।
এছাড়া পুলিশ, আনসার, ভিডিপি, বিএনসিসি, স্কাউট, শিশু পরিবার, গার্লস গাইডসহ বিভিন্ন প্রতিষ্ঠান কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রর্দশন করে।
মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন আলোচনাসভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে। এসব অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।
