২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় নাশকতা: ১৬ জামায়াতকর্মী আটক

সাতক্ষীরায় হত্যাসহ ব্যাপক নাশকতা চালানোর অভিযোগে জামায়াত-শিবিরের ১৬ কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2013, 05:20 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

রোববার সকালে কলারোয়া উপজেলা থেকে এই আটকদের বিরুদ্ধে কলারোয়ার দুই আওয়ামী লীগ নেতা হত্যাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

চলমান নাশকতার মধ্যেই যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ফাঁসির পর এ জেলায় আরো ব্যাপক নাশকতায় নামে দলটির নেতাকর্মীরা।

তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত তাদের হামলায় আওয়ামী লীগের অর্ধডজনের বেশি নেতাকর্মী খুন হয়েছেন। এছাড়া আওয়ামী লীগ ও ধর্মীয় সংখ্যালঘুর বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাংচুর এবং হামলা চালাচ্ছে। 

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী সাংবাদিকদের জানান, গোপন সংবাদে আইনশৃঙ্খলা বাহিনী জানতে পারে সাতক্ষীরায় বিভিন্ন হত্যাকাণ্ড ও নাশকতা ঘটিয়ে জামায়াত ও শিবিরের কর্মীরা ঢাকায় যাচ্ছে।

এরপর রোববার সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কলারোয়ায় অবস্থান নেয়।

সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি বাসে অভিযান চালিয়ে এ ১৬ জামায়াত-শিবির কর্মীকে আটক করা হয়।

আটকদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

আটকরা হলেন তালা উপজেলার ক্ষেত্রপাড়া গ্রামের সোহরাব হোসেন, আনিছুর মোল্লা, হাবিবুর রহমান মোল্লা, আমানুল্লাহ মোল্লা, গোলাম হোসেন, আমান আলী সানা, মিজানুর রহমান, সোহরাব হোসেন, সদরের আমতলা গ্রামের কবিরুল ইসলাম, জয়নগর গ্রামের রাশেদুল শেখ, মুন্তাজুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মানিকনগর গ্রামের ইয়ার আলী, বাটরা গ্রামের হাবিবুর রহমান, কলারোয়া বসন্তপুর গ্রামের রবিউল ইসলাম ও মাহবুব গাজী।