সিরাজগঞ্জে সেতুর পাটাতন তুলে ফেলেছে হরতালকারীরা
সিরাজগঞ্জে হরতালের আগের রাতে সেতুর পাটাতন তুলে ফেলার পাশাপাশি যানবাহনে আগুন, ভাংচুর, লুটপাট ও বোমাবাজি করেছে হরতাল জামায়াত-শিবিরকর্মীরা।
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে রোববার দেশব্যাপী এই হরতাল করছে তার দল জামায়াতে ইসলামী। পাশাপাশি নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা যুবদলও জেলা সদরে হরতাল করছে।
সদর থানার এসআই বদিউজ্জামান জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে হরতালকারীরা সিরাজগঞ্জ-কড্ডা সড়কের কোনাগাঁতি বেইলি সেতুর দুটি পাটাতন তুলে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে নাশকতাকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
এদিকে রাত সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ-মুলিবাড়ি বাইপাস সড়কের বাঐতারা এলাকায় দুর্বৃত্তরা একটি প্রাইভেটকারে আগুন দেয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাজার ও বসুন্ধরা বংশী পাড়া এলাকাতেও জামায়াত-বিএনপি নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল করে।
স্থানীয়রা জানান, মিছিলকারীরা বেশ কয়েকটি হাতবোমা ফাটায় এবং বংশীপাড়ায় অন্তত ১০টি দোকানপাট ভাংচুর ও তিনটি দোকানের মালামাল ও নগদ টাকা লুট করে।
এ সময় আওয়ামী লীগ সমর্থকরা লাঠিসোটা নিয়ে এগিয়ে গেলে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
কাছাকাছি সময়ে মুকুন্দগাতী বাজারেও দুটি মালবোঝাই ট্রাক ভাংচুর করে জামায়াতকর্মীরা।
এদিকে সন্ধ্যার পর শহরের লক্ষ্মী সিনেমা হলের সামনে, কালীবাড়ি ও গোশালা এলাকায় যুবদলের নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল করে এবং হাতবোমা ফাটায়।
বোমাবাজি করে।
বেলকুচি থানার ওসি আব্দুল হাই ও সদর থানার ওসি হাবিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসব এলাকায় পুলিশ যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।
