২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবসে মোববাতি প্রজ্জ্বলন

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েকটি সংগঠনের আয়োজনে মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2013, 11:47 PM

Updated : 13 Oct 2022, 03:07 PM

শনিবার বিকালে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে শহীদ জায়া, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক সংগঠন, সংস্কৃতি কর্মী, শিশু সংগঠক, শিল্পী ও শিশুরা অংশ নেয়।

বিকাল ৪টায় শহীদ মিনারে উদীচী, খেলাঘর, ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি আরিফ উল্লাহ হাইয়ের সভাপতিত্বে আলোচনায় প্রধান বক্তা ছিলেন শহীদ জায়া মুশতারী শফী।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাঘর চট্টগ্রাম মহানগরীরর চেয়ারম্যান ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. চন্দন দাশ ও উদীচী চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল ধর।

সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার পর যুদ্ধাপরাধীদের বিচার করা ও রায় বাস্তবায়নই হল নতুন যুদ্ধ। একজন রাজাকারের রায় কার্যকরের মধ্য দিয়ে এ যুদ্ধের আংশিক বিজয় সূচিত হয়েছে।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে সকল অভিযুক্ত যুদ্ধাপরাধীর রায় কার্যকরের দাবি জানান।

এরপর শহীদ মিনারে নতুন প্রজন্মকে শপথ বাক্য পাঠ করান শহীদ জায়া মুশতারী শফী। শপথে শহীদদের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির কুশপুত্তলিকা দাহ করা হয়।

আয়োজকরা জানান, কাদের মোল্লার ফাঁসির রায় বাস্তবায়নে বাধা দেয়া বিভিন্ন রাষ্ট্র ও সংস্থার প্রতীক হিসেবে কেরির কুশপুত্তলিকা দাহ করা হয়। 

এদিকে শহীদ মিনার প্রাঙ্গণে পৃথক আয়োজনে বুদ্ধিজীবী দিবস পালন করেছে ছাত্র মৈত্রী ও যুব মৈত্রী।

যুব মৈত্রীর সভাপতি শরীফ চৌহানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কায়সার আলম, ছাত্র মৈত্রীর সভাপতি ফারুক আহমেদ রুবেল ও সাধারণ সম্পাদক আশীষ ভৌমিক।

এ সমাবেশের পরও শহীদ বেদীতে মোমবাতি জ্বেলে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।