নানা আয়োজনে চট্টগ্রামে বুদ্ধিজীবীদের স্মরণ
জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।
শনিবার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান নানা আয়োজনে এ দিবস পালন করে।
বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম প্রেসক্লাব। এসময় ইউনিয়নের সভাপতি শহীদুল আলম, সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরীসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
এছাড়া সকালে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় চট্টগ্রাম নগর আওয়ামী লীগ, স্বেচ্ছা সেবকলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, ছাত্র ইউনিয়ন, উদীচী শিল্পী গোষ্ঠী, প্রমা আবৃত্তি সংগঠন।
সকালে নগর আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, একাত্তরের পরাজিত শক্তির নাশকতার বিরুদ্ধে মনের আগুন জ্বালিয়ে পাল্টা আঘাতের সময় এসেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী, শিক্ষাবিদ অধ্যাপক ফজলুল হক, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী, চবি সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হোসাইন বীর, চবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অদ্যাপক আবুর মনছুরসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এছাড়া চট্টগ্রামে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সামাজিক সংগঠন পৃথক আলোচনা সভার আয়োজন করে।
এদিকে নগরীর এম এ আজি স্টেডিয়ামে মুক্তিযুদ্ধের বিজয়মেলা অনুষ্ঠানেও বুদ্ধিজীবী দিবসের পৃথক আলোচনা সভার আয়োজন করা হয়।
বিভিন্ন কর্মসূচি থেকে বক্তারা কাদের মোল্লার ফাঁসি কার্যকরে সন্তোষ প্রকাশ করে চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে দেয়া শাস্তি অবিলম্বে কার্যকর করার দাবি জানান।
