প্রধানমন্ত্রীর ‘অনুরোধে’ সরে দাঁড়ালেন নুরুল
প্রধানমন্ত্রীর ‘অনুরোধে’ মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সাংসদ নুরুল ইসলাম বিএসসি।
শুক্রবার বিকালে নুরুল ইসলামের একান্ত সচিব নিয়াজ মোরশেদ নিরু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে তার মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে সাংসদ নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘প্রধানমন্ত্রীর অনুরোধে নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।’’
তিনি নগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং চট্টগ্রাম-৯ আসনের বর্তমান সরকারদলীয় সাংসদ।
চট্টগ্রাম-৯ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির নেতা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়া উদ্দিন আহমেদ বাবলু।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নুরুল ইসলাম বিএসসি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠি জমা দেন সাংসদের একান্ত সচিব নিয়াজ মোরশেদ নিরু।
বিজ্ঞপ্তিতে নুরুল ইসলাম বলেন, আমি দলীয় মনোনয়ন পাওয়ার পর দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের যে ভালবাসা পেয়েছি তা ভোলার মত নয়।
“আমি জানি ব্যক্তির চেয়ে দল বড়। তাই দলের সিদ্ধান্ত মেনে নিয়েছি। আমার মত নেতাকর্মীদেরও একইভাবে দলে সিদ্ধান্ত মেনে নেয়ার অনুরোধ জানাচ্ছি।”
