‘কাদের মোল্লার ফাঁসি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন শুক্রবার বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিচারিক প্রক্রিয়া অনুযায়ী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।
দুই বছরেরও বেশি সময়ের বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রাতে যুদ্ধাপরাধে কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর পক্ষে গিয়ে বাঙালির ওপর হত্যা, নির্যাতনের দায়ে প্রথম ব্যক্তি হিসেবে তার এ দণ্ড কার্যকর হয়।
ভারতকে উদ্দেশ্য করে জামায়াতের জোটসঙ্গী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এক বিবৃতির পর নয়া দিল্লির পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হলো।
বৃহস্পতিবার ওই বিবৃতিতে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে ভারতকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একাত্ম হওয়ার আহ্বান জানান খালেদা জিয়া।
সৈয়দ আকবরউদ্দিন আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের জনগণই সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে তাদের মত পার্থক্য দূর করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিংয়ের আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
