২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতা পরিহারে ফের আহ্বান যুক্তরাষ্ট্রের

বাংলাদেশের সব দলকে সংঘাতের পথ থেকে সরে এসে শান্তিপূর্ণ উপায়ে নিজেদের মতামত তুলে ধরার জন্য আবারো আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2013, 04:03 PM

Updated : 23 Aug 2022, 07:28 PM

বৃহস্পতিবার যুদ্ধাপরাধী জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর দেশজুড়ে দলটির নেতাকর্মীদের তাণ্ডবের মধ্যিই এ আহ্বান জানালো দেশটি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেরি হার্ফ বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বলেন, “শুরু থেকেই এ বিচার কার্যক্রমের স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করার আহ্বান ছিল যুক্তরাষ্ট্রের। পাশাপাশি আমরা সব দলকেই সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ আন্দোলন করার কথা বলেছি।”

যুদ্ধাপরাধের বিচার ও এর ধারাবাহিকতায় কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টিকে ‘স্পর্শকাতর’ হিসেবে উল্লেখ করে মুখপাত্র বলেন, “আমরা আবারো সব দলকে সংযত এবং সহিংসতা পরিহারের আহ্বান জানাচ্ছি।এটিই এখন বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।” 

বৃহস্পতিবার রাত ১০টা ১ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলের মৃত্যুদণ্ড কার্যকরের পরপরই দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় নামে দলটির কর্মীরা। কাদের মোল্লাকে ফাঁসিতে ঝোলানোর প্রতিবাদে আগামী রোববার সারাদেশে হরতালও ডেকেছে জামায়াতে ইসলামী।

এর আগে নির্বাচনকালীন সরকার নিয়ে বিরোধী দল ও সরকারের মুখোমুখী অবস্থানের মধ্যে গত ৯ নভেম্বর এক বিবৃতিতে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র কেলি ম্যাকার্থি ওই বিবৃতিতে বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অবশ্যই দলগুলোকে গঠনমূলক সংলাপে বসতে হবে।