নোয়াখালীতে জামায়াত-শিবিরের তাণ্ডব
জামাযাত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ার খবরে নোয়াখালীর বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়েছে জামায়াত-শিবির।
পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান পিপিএম জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জেলা শহরের রশিদ কলোনি এলাকায় জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক একেএম শামসুদ্দিন জেহানকে কুপিয়ে আহত করে শিবিরকর্মীরা।
খবর পেয়ে পুলিশ ঘনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় শিবিরকর্মীদের ককটেল বিস্ফোরণের জবাবে ৫০ রাউন্ড গুলি ও ১৫ রাউন্ড টিআর সেল নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানান এসপি আনিসুর।
অবশ্য শহর ছাত্রশিবিরের সভাপতি নেয়ামত উল্লা সাকের দাবি করেন, আওয়ামী লীগ নেতা শামসুদ্দিন জেহানকে কুপিয়ে আহত করার ঘটনায় শিবির সম্পৃক্ত নয়।
এদিকে চাটখিল উপজেলা সদরে জোহরের নামাজের পর জামায়াত শিবির কর্মীদের মিছিল থেকে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটনানো হয়।
এ সময় দোকানপাটে হামলা ভাংচুরের ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান সাজিদ জানান,উপজেলা সদর বসুরহাটে জামায়াত শিবিরের কর্মীদের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, তিনটি মটর সাইকেলে অগ্নিসংযোগ ও পাঁচটি যানবাহন ভাংচুর করা হয়।
এ ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বসুরহাট পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জামায়াত নেতা মহিউদ্দিনসহ তিন জনকে আটক করে পুলিশ।
নাশকতা এড়াতে জেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বেগমগঞ্জ উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানান এসপি।
সংবাদপত্র পরিবেশক মুলতানুর রহমান মান্না জানান, সেনবাগ-ফেনী মহাসড়কে সরকারি গাছ কেটে ফেলে রাখায় বৃহস্পতিবার নোয়াখালী জেলা শহরে সংবাপত্রবাহী গাড়ি আসতে পারেনি।
