কুষ্টিয়ায় তথ্যমন্ত্রীর বাড়িতে বোমা হামলা
নির্বাচনকালীন সরকারের মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর কুষ্টিয়ার গ্রামের বাড়িতে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার মধ্যরাতে জেলার ভেড়ামারা উপজেলার গোপালনগরে এ হামলা হয় বলে জানিয়েছে পুলিশ।
ভেড়ামারা থানার ওসি পারভেজ ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে মোটরসাইকেলআরোহী তিন যুবক মন্ত্রীর গোপালনগরের বাড়ি লক্ষ্য করে তিনটি বোমা নিক্ষেপ করে।
“বোমাগুলো বাড়ির গেইটে ও ভিতরে ফাঁকা জায়গায় বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।”
এই হামলার ঘটনায় বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের দায়ী করেছেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন।
তিনি এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তিও দাবি করেছেন।
ভেড়ামারার উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করীম সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
জাসদ নেতা মহসীন জানান, জীবনের ঝুঁকির আশঙ্কা প্রকাশ করে তথ্যমন্ত্রী বুধবার নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দেন।
গত ৯ জুন রাজধানীর কল্যাণপুরে মন্ত্রীর বাসায় বোমা হামলা, ৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যে হামলা এবং মন্ত্রীর গ্রামের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারায় গোপালনগরের বাসার পাশে একটি গাড়িতে আগুন দেয়ার ঘটনাও ওই চিঠিতে উল্লেখ করা হয় বলে জানান মহসীন।
