২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে আ. লীগ নেতার পায়ের রগ কেটেছে জামায়াত

যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসি ঠেকাতে ডাকা হরতালের সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় এক আওয়ামী লীগ নেতার পায়ের রগ কেটে দিয়েছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2013, 11:52 AM

Updated : 23 Aug 2022, 07:27 PM

বুধবার সকালে এ হামলায় গুরুতর আহত রফিকুল ইসলাম মঙ্গলকে যশোর আড়াইশ শয্যা হাসপাতালে নেয়ার জন্য রওয়ানা দেয়া হলেও অবরোধকারীরা গাছ ফেলে সড়কে যান চলাচল বন্ধ রাখায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কোটচাঁদপুর থানার ওসি শাহাজাহান আলী জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে হারণদিয়া বাজারে রফিকুলে ওপর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এ হামলা করে।

রফিকুল তালশা ইউনিয়নের হরিণদিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

গুরুতর অবস্থায় তাকে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক আবু বকর সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রফিকুলের দুই পায়ের রগ কেটে দেয়া হয়েছে। তার হাতেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

“স্বাস্থ্যকেন্দ্রে আনার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর আড়ইশ বেড হাসপাতালে পাঠানো হয়েছিল। কিন্তু অবরোধ ও হরতাল সমর্থকরা কালিগঞ্জ-কোটচাঁদপুর সড়কে গাছ ফেলে অবরোধ করে রাখায় তাকে আবার ফেরত আনা হয়।”

স্বাস্থ্য কেন্দ্রে সার্জন না থাকায় রফিকুলকে কোটচাঁদপুর নার্সিং হোমে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি শাহাজাহান বলেন, সকালে জামায়াত-শিবিরের কর্মীরা অবরোধের সমর্থনে মিছিল বের করে। এ সময় বাজার করতে আসা রফিকুলের ওপর তারা হামলা চালায়।

এ সময় মিছিল থেকে ওই বাজারে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে জানায় স্থানীয়রা।