জামায়াতকর্মীদের ধাওয়ায় ট্রাক উল্টে নিহত ১
গভীর রাতে জামায়াতের হরতাল ঘোষণার পর সিরাজগঞ্জে মহাসড়কে পিকেটারদের ধাওয়ায় ট্রাক উল্টে এক মুরগী ব্যবসায়ী নিহত হয়েছেন।
কাদের মোল্লার ফাঁসি হতে যাচ্ছে এ সংবাদ ছড়িয়ে পড়ার পরপরই মঙ্গলবার রাতে জেলাশহরে অন্তত ২৫টি পণ্যবাহী ট্রাক ভাংচুর ও তিনটি ট্রাকে আগুন দেয়া হয়।
জামায়াতকর্মীরা ব্রিজের পাটাতন খুলে ফেলায় যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়ে কয়েকটি এলাকা।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর এবং পরে তার ওপর স্থগিতাদেশ আসার মধ্যেই দেশব্যাপী হরতালের ঘোষণা দেয় দলটি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার ওসি এটিএম আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের মধ্যভদ্রঘাট ও ৪ নম্বর সেতুর কাছে পিকেটারদের ধাওয়ায় পালাতে গিয়ে দুটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এর মধ্যে একটি ট্রাকে থাকা মুরগী ব্যবসায়ী আক্তার হোসেন (৫০) মারা যান।
এ ঘটনায় আরো অন্তত পাঁচ জন আহত হন। তাদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
আক্তারের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রাম ভৈরবপুর এলাকায়। রাতে মুরগী নিয়ে তিনি ট্রাকে করে ফিরছিলেন।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দৃর্বৃত্তরা সিরাজগঞ্জ-কাজিপুর সড়কের খোকসাবাড়ি ও সিরাজগঞ্জ-রায়গঞ্জ সড়কের মুনসুমী এলাকায় দুটি সেতুর পাটাতন খুলে ফেলে। এ কারণে ওই এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
এর আগে রাত সাড়ে ১০টার দিকে সয়দাবাদ মোড়ে একই মহাসড়কে অন্তত ২৫টি পণ্যবাহী ট্রাক ভাংচুর ও তিনটিতে আগুণ ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
রাত ৯টার দিকে উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া ও শ্রীখোলা এলাকার পাবনা-নগরবাড়ি মহাসড়কের কয়েকটি স্থানে গাছ কেটে মহাসড়ক অবরোধ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মোক্তার হোসেন জানান, চন্ডিদাসগাতি থেকে নলকা মোড় পর্যন্ত কয়েকটি স্থানের কেটে ফেলা গাছ রাতেই অপসারণ করা হয়েছে। অন্যান্য সড়ক-মহাসড়কে সেতুর পাটাতন সংস্কার ও কেটে রাখা গাছ অপসারণের চেষ্টা চলছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, র্যাব ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।
ওসি বলেন, সয়দাবাদ মোড়ে ট্রাক ভাংচুর ও আগুণ দেয়ার খবর পেয়ে র্যাব ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে হরতাল ও অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
পরে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে।
