২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে সংঘর্ষে শিবিরকর্মী নিহত

যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের প্রস্তুতি নেয়ার পর মঙ্গলবার রাতে ফেনীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মী নিহত হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2013, 09:28 AM

Updated : 23 Aug 2022, 07:27 PM

নিহত সালমান স্থানীয় আল-ফালাহিয়া কামেল মাদ্রাসার  দশম শ্রেণির  ছাত্র।

ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে সংঘর্ষে এক শিবির কর্মী নিহত হয়েছে। তবে জামায়াত-শিবির নেতাকর্মীরা তাকে তাদের কার্যালয়ে নিয়ে যাওয়ায় নিহতের লাশ পুলিশ উদ্ধার করতে পারেনি।

জামায়াতে ইসলামীর জেলা কমিটির সেক্রেটারি একেএম শামসুদ্দিন বলেন, “রাতে পুলিশের গুলিতে আমাদের কর্মী সালমান নিহত হয়েছে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, কাদের মোল্লার ফাঁসি কার্যকরের প্রস্তুতির খবর প্রকাশের পর রাত সাড়ে ১০টার দিকে ফেনী শহরের বিভিন্ন স্থানে হাতবোমার বিস্ফোরণ ঘটায় জামায়ত-শিবির কর্মীরা। বিভিন্ন স্থানে সড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করে তারা।

ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের লেমুয়ায় ও রামপুরে রাস্তার মাথায় দুটি গাড়িতে আগুন দেয় জামায়াত-শিবির। শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের প্রায় ১ কিলোমিটারজুড়ে সড়ক বিভাজকের গ্রিল খুলে  অবরোধ করে তারা।

এরই এক পর্যায় শহরের শান্তি কোম্পানি  এলাকায়  সড়ক থেকে গাছের গুঁড়ি সরাতে গেলে পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা  ছোড়ে শিবির কর্মীরা। এতে পুলিশের গাড়িতে আগুন ধরে যায়।

এ সময় গাড়ি থেকে নেমে গুলি ছোড়ে পুলিশ। গুলিবিদ্ধ হয়ে শিবির কর্মী সালমান ঘটনাস্থলে নিহত হন।