সাবেক শিল্প প্রতিমন্ত্রী ফারুকের বাসায় বোমা হামলা
রাজশাহীর সাগরপাড়া এলাকায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী এমপির বাসভবনে হামলা চালিয়েছে জামায়াত শিবির কর্মীরা।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ হামলা চালানো হয়।
এ সময় তারা সাবেক এই প্রতিমন্ত্রীর বাড়িতে বেশ কয়েকটি হাতবোমা ও পেট্রোল বোমা নিক্ষেপ করে। এছাড়াও নগরীর সাগরপাড়া বটতলা মোড়ে দোকানপাট ভাংচুর, অগ্নিসংযোগসহ বেশ কয়েকটি বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে জামায়াত-শিবির কর্মীরা।
বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, জামায়াত শিবির কর্মীরা সাগরপাড়া মোড় থেকে মিছিল বের করে সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধরীর বাসায় হামলা চালায়।
এ সময় তারা তিনটি হাত বোমা ও দুইটি পেট্রোল বোমার নিক্ষেপ করে। তবে এ সময় সাবেক প্রতিমন্ত্রী বাসায় ছিলেন না।
তিনি বলেন, পরে তারা সাগারপাড়া বটতলা মোড়ে কয়েকটি দোকান ভাংচুর করে এবং বাহিরে থাকা টেবিল চেয়ারে আগ্নিসংযোগ করে জামায়াত শিবিরকর্মীরা। পরে পুলিশ গিয়ে ফাঁকা গুলি ছোড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এছাড়াও দৈনিক সানশাইন অফিসের সামনেসহ নগরীর বেশকয়েকটি মোড়ে জামায়াত শিবির কর্মীরা বোমার বিস্ফোরণ ঘটায়।
