২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলি ছুড়ে গাজীপুরে ৩৫ লাখ টাকা ছিনতাই

গাজীপুর মহানগরীর সোয়েটার টেক কারখানা লিমিটেডের দু’কর্মকর্তাকে গুলি করে শ্রমিকদের বেতনের টাকা ছিনিয়ে নিয়ে গেছে দূর্বৃত্তরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2013, 09:20 PM

Updated : 23 Aug 2022, 07:26 PM

মঙ্গলবার সন্ধ্যায় বড়বাড়ি মধ্যগাছা এলাকায় ওই ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।

ঘটনার সত্যতা স্বীকার করলেও জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান আটককৃত ছিনতাইকারীর নাম ও অন্য তথ্য দেননি।

আহত কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলামকে ঢাকা মেপিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা আবু রাসেল মো. সায়েম জানান, সন্ধ্যায় শ্রমিকদের বেতনের ৩৫ লাখ টাকা নিয়ে মধ্যগাছা এলাকায় (গাছা সড়কে) কারখানার প্রধান ভবন থেকে অদূরে ওই কারখানার অপর ইউনিটে যান তারা।

ওই ইউনিটের ফটকে গাড়ি থেকে নামার সময় তিনটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এতে শহিদুল ইসলাম পিঠে ও সফিকুল ইসলাম হাতে গুলিবিদ্ধ হন।

এলাকাবাসী এক ছিনতাইকারীকে আটক করলেও অন্যরা গাড়িতে থাকা টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়।