২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইউসুফের নির্দেশে ২১ জনকে হত্যা করা হয়’

‘১৯৭১ সালের ৩০ আশ্বিন একেএম ইউসুফের নির্দেশে ৪০/৫০জন রাজাকার ভাষা গ্রামের হাট থেকে ২২ জনকে ধরে নিয়ে যায়। এরপর তাদেরকে হাটের পূর্বপাশে বেঁধে রেখে গুলি করে, যাদের মধ্যে ২১ জনই মারা যান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2013, 08:54 PM

Updated : 23 Aug 2022, 07:26 PM

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ইউসুফের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষে এ কথা বলেছেন প্রসিকিউশনের ১৭তম সাক্ষী তৈয়ব আলী খাঁ ওরফে ছেতু।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মঙ্গলবার তিনি বলেন, নিহতদের মধ্যে ১৯ জন হিন্দু সম্প্রদায়ের এবং তার চাচাসহ দুই জন মুসলমান। তিনি হাটের পার্শ্ববর্তি আঁখের ভিটা থেকে এ ঘটনা দেখেছেন।

তৈয়ব আলী জানান, একেএম ইউসুফ ১৯৭০ সালে দাঁড়িপাল্লা মার্কায় আজিজ মিয়ার বিরুদ্ধে এমএলএ ইলেকশন করেছিলেন।

এছাড়া তার নেতৃত্বে খুলনা জেলা শান্তি কমিটি গঠন করে রাজাকার বাহিনী গঠন করা হয়।

তৈয়ব আলী বলেন, “একাত্তরের শুরু থেকেই আমরা আওয়ামী লীগকে সমর্থন করে আসছি। আর সে কারণেই ইউসুফের নির্দেশে রাজাকাররা আমাদের অনেকের বাড়িতে লুটতরাজ চালায়। আমি আমার চাচার লাশ খালে পড়ে থাকতে দেখেছি।”

একাত্তরে যেখানে এই হত্যাযজ্ঞ সংগঠিত হয় সেখানে বর্তমানে একটি বধ্যভূমি আছে এবং সেখানে শহীদদের নাম লেখা আছে বলেও সাক্ষ্যে উল্লেখ করেন তিনি।

সাক্ষ্য দেয়া শেষ হলে এ সাক্ষীকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী গাজী এমএইচ তামিম।

পরে তিনি জেরা অসমাপ্ত রেখেই ট্রাইব্যুনালের কাছে সময় আবেদন জানান। আবেদনের পরিপ্রেক্ষিতে জেরার জন্য বুধবার পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন।