কারখানায় ডাকাতি করতে এসে আটক ৫
গাজীপুর সদর উপজেলার পূবাইলে একটি ট্রান্সফরমার তৈরির কারখানায় ডাকাতির চেষ্টাকালে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জয়দেবপুর থানার পূবাইল পুলিশ ফাঁড়ির এসআই মোবারক হোসেন জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে কুদাব এলাকার ‘শক্তি ইঞ্জিনিয়ারিং কারখানা’ থেকে এদের আটক করা হয়।
এরা হলেন-চাঁদপুরের শফিক (৩২), ময়মনসিংহের গফরগাঁওয়ের হাসেম আলী (৪০), গাইবান্ধার মুকুল (৩০), লিটু (৩০) এবং নান্দাইলের আলী হোসেন (৩২)।
এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৩টার দিকে ৭/৮ জনের একটি ডাকাত দল কারখানায় পেছনের দেয়ালের উপরের তার কেটে ভেতরে ঢুকে নিরাপত্তা কর্মীকে বেঁধে সেখানে রাখা তামা লুটের চেষ্টা করে।
এ সময় টহল পুলিশের একটি দল টের পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় কারখানাটি ঘোরাও করে তাদের ধরে।এ সময় বাকিরা পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি রামদা, তার কাটার যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।
