ঘনকুয়াশা: মেঘনার চরে যাত্রীবাহী দুই লঞ্চ
ঘনকুয়াশার কারণে চাঁদপুরে মেঘনা নদীতে চরে আটকা পড়ে দুইটি যাত্রীবাহী লঞ্চ নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌছতে পারেনি।
চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম জানান, ঢাকা-চাঁদপুর নৌরুটে চলাচলকারী এমভি তাকওয়া ও এমভি সোনার তরী চরে আটকেছে।
“সোমবার রাত ১২টায় এমভি তাকওয়া ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। মধ্যরাতে ঘনকুয়াশার কারণে পথ হারিয়ে এটি মতলব উত্তরের চিরারচরে আটকে যায়।”
আটকে পড়া যাত্রীরা মঙ্গলবার সকালে অন্য লঞ্চে করে গন্তব্যে ফেরেন বলে জানা তিনি।
অন্যদিকে এমভি সোনার তরী মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেও নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে পারেনি।
ঘনকুয়াশার কারণে সকাল সাড়ে ৮টায় লঞ্চটি চাঁদপুরের লগ্নিমারাচর এলাকায় নোঙর করা হয় বলে জানান এসআই জাহিদুল।
দুপুর ১টায় বিআইডব্লিউটিএর চাঁদপুর বন্দর কর্মকর্তা মো. মোবারক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুয়াশা কেটে যাওয়ার পর বেলা সাড়ে ১২টায় এমভি সোনার তরী ও পৌনে ১টায় এমভি তাকওয়া গন্তব্যে রওনা হয়।
