ক্ষমা প্রার্থনা: সিদ্ধান্ত জানাননি কাদের মোল্লা
একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লা রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কি-না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত দেননি বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
তার প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলছেন, কাদের মোল্লা রায়ের বিষয়ে রিভিউ আবেদন করার অনুমতি দিয়েছেন। তবে আইনত তিনি সে সুযোগ পাবেন না বলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলে আসছেন।
ব্যারিস্টার রাজ্জাক ও অ্যাডভোকেট তাজুল ইসলাম মঙ্গলবার সকাল ১১টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কাদের মোল্লার সঙ্গে সাক্ষাত করেন।
দীর্ঘ ৫০ মিনিট এই সাক্ষাতের সময় অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, অ্যাডভোকেট শিশির মোহাম্মাদ মুনির ও নজিব মোমেন বাইরে অপেক্ষা করেন।
পরে রাজ্জাক সাংবাদিকদের বলেন, তারা দুটি বিষয়ে আলোচনা করেছেন- একটি হলো রিভিউ আবেদন, অন্যটি রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা।
“তিনি আমাদের রিভিউ আবেদনের বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। রিভিউ আবেদন করতে বলেছেন। আর রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে তিনি ভাবছেন।”
একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এরপর আপিল বিভাগ গত ১৭ সেপ্টেম্বর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেয়। এর ভিত্তিতে ট্রাইব্যুনাল রোববার কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি করে।
এই রায় পর্যালোচনার আবেদন জানানো হবে বলে কাদের মোল্লার প্রধান আইনজীবী আব্দুর রাজ্জাক বলে এলেও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলছেন, ট্রাইব্যুনালের বিচারের ক্ষেত্রে আসামির সে সুযোগ নেই।
এক্ষেত্রে বাংলাদেশের সংবিধানের ৪৭ অনুচ্ছেদের ৩ ধারা তুলে ধরছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। এই ধারা অনুযায়ী, গণহত্যাজনিত অপরাধে দণ্ডিতদের মৌলিক মানবাধিকার পাওয়ার সুযোগ নেই।
ফাইল ছবি
ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সমন্বয়ক এম কে রহমান ও অ্যাটর্নি জেনারেল বলে আসছেন, কাদের মোল্লার দণ্ড বাস্তবায়নের দিনক্ষণ সরকারের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।
সাধারণ ক্ষেত্রে আপিল বিভাগে আবেদন না করলে হাই কোর্ট মৃত্যুদণ্ড কার্যকরে অনুমোদন দেয়ার পর মৃত্যুদণ্ডের প্রক্রিয়া শুরু হয়। আসামির ক্ষমার আবেদন পাওয়ার পর জেল সুপার তা স্বরাষ্ট্র সচিবের কাছে পাঠাবেন। সঙ্গে পৃথক পত্রে মৃত্যুদণ্ড কার্যকরের সম্ভাব্য তারিখ এবং আসামির দণ্ডের বিষয়ও থাকবে।
সরকারের আইনজীবীদের বক্তব্য, রায় কার্যকরের আগে সর্বশেষ সুযোগ হিসেবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন কাদের মোল্লা এবং তার সময়সীমা পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর থেকে সাত দিন।
তবে ব্যারিস্টার রাজ্জাক বলছেন, কারা বিধি অনুযায়ী কাদের মোল্লা ১৫ দিন সময় পাবেন। সিই হিসাবে তিনি আগামী ২২ ডিসেম্বর আবারো আইনজীবীদের সাক্ষাত করতে বলেছেন। ওই দিন তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমার বিষয়টি জানাবেন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ‘মানসিকভাবে সুস্থ ও শক্ত’ আছেন বলেও তার আইনজীবী জানান ।
তিনি বলেন, “আমরা রায়ের সার্টিফায়েড কপি পেলেই রিভিউ আবেদন করব।”
রাজ্জাকের দাবি, কাদের মোল্লা এখনও রায়ের কপি পাননি।
“৭৯০ পৃষ্ঠার রায়ে কি আছে তা জানার অধিকার রয়েছে তার। তাকে রায়ের কপি দেওয়া হয়নি। তাকে শুধু পরোয়ানার বিষয়টি জানানো হয়েছে।”
রায় বাস্তবয়নের প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে সিনিয়র জেল সুপার ফরমান আলী জানান, তারা ‘সব ধরনের প্রস্তুতি’ শেষ করেছেন। সরকারের নির্দেশ পেলেই সাজা কার্যকর করা হবে।
রাষ্ট্রপতির কাছে ক্ষমার বিষয়ে ব্যারিস্টার রাজ্জাক যে ১৫ দিনের কথা বলেছেন, তা গ্রহণযোগ্য হবে না বলেও উল্লেখ করেন জেল সুপার।
তিনি বলেন, কারা বিধি সংশোধন করে ক্ষমা চাওয়ার সুযোগ ১৫ দিন করার একটি বিষয় সরকার বিবেচনা করছে। কিন্তু তা এখনো কার্যকর হয়নি। সুতরাং প্রচলিত নিয়মে কাদের মোল্লা সাত দিন সময় পাবেন।”
গত ৮ ডিসেম্বর থেকে এই দিন গণনা শুরু হওয়ায় ইতোমধ্যে দুই দিন পেরিয়ে গেছে।
কাদের মোল্লার ক্ষেত্রে জেল কোড প্রযোজ্য হবে না উল্লেখ করে জেল সুপার বলেন, “গতকাল অ্যাটর্নি জেনারেল জেল কোডের বিষয়ে বলে দিয়েছেন। এছাড়া ট্রাইব্যুনাল আইনেও জেল কোডের কথা বলা নাই।”
গত রোববার আইনজীবীরা কাদের মোল্লার সাথে সাক্ষাতের অনুমতি চেয়ে সিনিয়র জেল সুপার বরাবর এ আবেদন করেন।
কাদের মোল্লার বিরুদ্ধে আপিল বিভাগের রায়ের রিভ্যিউ আবেদন করতে আসামিপক্ষের পাঁচ আইনজীবী কারাগারে তার সাথে সাক্ষাতের জন্য এ আবেদন করেন।
আব্দুল কাদের মোল্লার সাথে সাক্ষাতের কারণ হিসেবে আবেদনে উল্লেখ করা হয়েছে ‘বিগত ০৫ ডিসেম্বর ২০১৩ মহামান্য আপিল বিভাগ কর্তৃক আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। ঐ মামলার আপিলের রায়ের বিরুদ্ধে আমরা মাননীয় সুপ্রীম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে আমাদের মোয়াক্কেলের নির্দেশনা সাপেক্ষে আমরা রিভিউ আবেদনের প্রস্তুতি নিতে চাই।
