২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে বড় মানবপতাকা বানাবে রবি

ত্রিশ হাজার মানুষের অংশগ্রহণে এ বছর বিজয় দিবসে বিশ্বের সবচেয়ে বড় জাতীয় পতাকা বানানোর ঘোষণা দিয়েছে রবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2013, 01:34 AM

Updated : 23 Aug 2022, 07:27 PM

সোমবার রাজধানীর রূপসী বাংলা হোটেল এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন রবি’র প্রধান ফিন্যান্সিয়াল অফিসার মাহতাব উদ্দিন আহমেদ।

তিনি বলেন, “দেশি ব্র্যান্ড হিসেবে রবি সব সময়ই দেশের ইতিহাস ও ঐতিহ্যের কথা বলে। বিজয় দিবস আমাদের জন্য অনেক বড় একটি দিন তাই, এই দিনটিকে আরো সুন্দরভাবে উদযাপন করতে রবি এ উদ্যোগ নিয়েছে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৬ ডিসেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে ৩০ হাজার মানুষের অংশগ্রহণে তৈরি করা হবে বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকা। আর এ কাজে সেনাবাহিনীর তত্ত্বাবধানে অংশ নেবে বিমান ও নৌবাহিনী, বডার গার্ড বাংলাদেশ, পুলিশ, আনসার এবং সেনা তত্ত্বাবধানে পরিচালিত বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

এর আগে ২০১২ সালের ২১ অক্টোবর পাকিস্তানের লাহোরে পাঞ্জাব ইয়ুথ ফেস্টিভ্যালের অনুষ্ঠানে ২৪ হাজার ২০০ মানুষের অংশগ্রহণে তৈরি করা হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় জাতীয় পতাকা।

সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বলেন, “সেনাবাহিনী দেশের যে কোনো প্রয়োজনে দায়িত্ব পালনে প্রস্তুত। এবছর বিজয়ের দিনে আমরা পাকিস্তানের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করব।”