২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল-অবরোধে দিশেহারা ঠাকুরগাঁওয়ের কৃষক

টানা অবরোধ ও হরতালে দেশের ব্যবসায়ীদের মতো সবজিচাষিরাও মারাত্মক বিপাকে পড়েছেন।

ঠাকুরগাঁও প্রতিনিধি

আলী আহসান হাবিব,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2013, 09:28 PM

Updated : 23 Aug 2022, 07:26 PM

ধানসহ নানা ধরনের সব্জি দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করতে না পেরে অতিরিক্ত কম দামে স্থানীয় বাজারে বিক্রি করতে বাধ্য হচ্ছেন ঠাকুরগাঁওয়ের কৃষকরা।

এর ফলে উৎপাদন খরচের চার ভাগের একভাগও উঠবে না বলে আশঙ্কা করছেন তারা।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত কয়েকসপ্তাহ ধরে অবরোধ করে আসছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এরসঙ্গে এখন নতুন করে যোগ হয়েছে হরতালও।

এ অবস্থায় ব্যাপক নাশকতার ঝুঁকিতে থাকতে হয় দূরপাল্লার ও স্থানীয়ভাবে যাতায়াতকারীদের।

অবরোধকারীদের হামলা চলে সর্বত্রই। খাবারের গাড়ি, সংবাদপত্রের গাড়িতে হামলা থেকে শুরু করে ট্রেন লাইন উৎপাটন, পেট্রোল বোমা নিক্ষেপসহ ভয়ঙ্কর সম্ভব সব ধরনের হামলাই চালিয়েছে অবরোধকারীরা। এ থেকে নারী, শিশু, যুবক, বৃদ্ধ কেউই রেহাই পায়নি।    

এই অবরোধে মারাত্মক ক্ষতির মুখোমুখি দেশের চাষিরা। এর থেকে রেহাই পায়নি ঠাকুরগাঁওয়ের চাষিরাও। 

রোববার সকালে ঠাকুরগাঁয়ের হাট-বাজারগুলোতে সব্জি বিক্রি করতে না পারা কৃষকের চোখের পানির সঙ্গে দেখা যায় ক্ষোভের আগুনও।

জেলার সবচেয়ে বড় সব্জির আড়ত অবস্থিত শহরের গোবিন্দনগরে। সকাল ৬টার মধ্যেই সেখানে দূর-দূরান্ত থেকে ফুলকপি, বাঁধাকপি, আলু, করলা ও বেগুনসহ নানা সব্জি নিয়ে এসে পসরা সাজিয়ে বসেছেন কৃষকরা। একটু বেশি দাম পাওয়ার আশায় কেউ এসেছেন বেশ রাত থাকতেই।  

গোবিন্দনগরে ফুলকপি নিয়ে এসেছেন মাতৃগাঁও এলাকার কৃষক আশরাফুল আলম।

আশরাফুল জানান, দুই বিঘা জমিতে ফুলকপি চাষ করতে খরচ হয়েছে প্রায় ৫৪ হাজার টাকা। হরতাল আর অবরোধ শুরু হওয়ায় কোনো ক্রেতা তার এলাকায় সব্জি কিনতে যায়নি। তাই বাধ্য হয়েই রাত ৯টার দিকে সাইকেলে করে চার বস্তা ফুলকপি নিয়ে এসেছেন।

তবে বাজারেও বাইরের ক্রেতা নেই। স্থানীয় সব্জি ক্রেতারা ফুলকপির দাম দিতে চান প্রতি কেজিতে ৭ টাকা।

হতাশা আর কান্না মেশানো কণ্ঠে আশরাফুল বলেন, “৭ টাকা কেজি দরে ফুলকপি বিক্রি করে খরচের ৪ ভাগের একভাগও উঠে আসবে না।”

মাতৃগাঁওয়ের আরেক কৃষক মাহাবুব আলম জানান, কয়েকদিন আগেও দেশের দূর-দূরান্ত থেকে আলু ক্রেতারা জমি থেকেই আলু কিনে নিয়ে যেত।

সে সময় দাম ভাল পেলেও এখন নামমাত্র মূল্যে বিক্রি করতে হচ্ছে।

এক কেজি আলু আট টাকা করে বিক্রি করতে হচ্ছে জানিয়ে এই কৃষক বলেন, হালের এক জোড়া গরু ৫৫ হাজার টাকায় বিক্রি করে আলু চাষ করেছিলেন।

“কিন্তু আলু বিক্রি করে খরচের পাঁচ ভাগের এক ভাগও উঠে আসবে না,” বলেন তিনি।

একই রকম হতাশা প্রকাশ করেছন সালন্দর এলাকা থেকে বেগুন নিয়ে আসা আলিম উদ্দীন আর করলা নিয়ে আসা কৃষক শওকত।

দাম জিজ্ঞেস করতেই শওকত ক্ষেপে গিয়ে বলেন, “টাকা লাগবে না, ব্যাগ দেন, করলা নিয়া যান।”

খুব সকালে সব্জি নিয়ে এলেও এখনো কোনো ক্রেতা পাননি তিনি। তাই হতাশা আর কষ্টের প্রকাশ ঘটালেন এইভাবে।

ঠাকুরগাঁওয়ের সবচেয়ে বড় হাট রানীশংকৈল উপজেলার নেকমরদ। প্রতি রোববার সকাল থেকেই হাজার হাজার মন ধানসহ অন্যান্য ফসল বিক্রির জন্য বিখ্যাত এ হাট।

সেখানে দিনাজপুর, রংপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে অটোরাইস মিলের লোকজন ধান কিনতে আসে।

হরতাল-অবরোধের কারণে কয়েকসপ্তাহ ধরে হাটে কোনো ক্রেতা নেই।

স্থানীয় মিল মালিক ফজলুল হক জানান, সব মিল মালিক তাদের সাধ্য অনুযায়ী ধান কিনে ফেলেছে। চালের বিক্রি না থাকায় নতুন করে কেউ ধান কিনতে পারছে না।

বাধ্য হয়ে ধান বিক্রি না করেই ফিরতে হচ্ছে কৃষকদের।

স্থানীয় বাজারে দাম না পেয়ে দুয়েকজন কৃষক ঝুঁকি নিয়ে চেষ্টা করেছেন তাদের ফসল ঢাকায় পাঠাতে। তবে তাতে খরচ কয়েকগুন বেশি হওয়ায় এবং পথের ঝুঁকির কারণে সবাই সে পথে যেতে পারছে না।