২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান্ডেলার মৃত্যতে মন্ত্রিসভায় শোক প্রস্তাব গৃহীত

বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে মন্ত্রিসভায় শোক প্রস্তাব গৃহীত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2013, 04:58 PM

Updated : 25 Apr 2022, 07:38 PM

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, “মন্ত্রিসভা ম্যান্ডেলার অবদানের কথা উল্লেখ করেছে। বাংলাদেশের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা, বঙ্গবন্ধুর প্রতি তার গভীর অনুরাগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক মন্ত্রিসভার বৈঠকে উঠে আসে।”

সচিব বলেন, “মন্ত্রিসভা মনে করে, তার (ম্যান্ডেলা) গভীর রাজনৈতিক প্রজ্ঞা ও মানবিক জীবন দর্শনের কারণে তিনি হয়ে উঠেছিলেন বিশ্বশান্তি, জনগণের ঐক্য, সাম্য, মুক্তি, গণতন্ত্র ও সৃজনশীলতার মূর্ত প্রতীক।

“ব্যক্তিগত সারল্য, সততা, উদার মনোবৃত্তি এবং ক্ষমতাশীলতা এই মহান নেতাকে বিশ্ববাসীর কাছে চিরস্মরণীয় করে রাখবে।”

১৯৯৭ সালে বাংলাদেশের স্বাধীনতার রজতজয়ন্তী অনুষ্ঠানে ম্যান্ডেলার অংশগ্রহণের বিষয়টিও শোক প্রস্তাবে উঠে আসে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভা ম্যান্ডেলার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং তার আত্মার শান্তি কামনা করেছে।

“এছাড়া দক্ষিণ আফ্রিকার জনগণ এবং ম্যান্ডেলার শোকসন্তপ্ত পরিবারের প্রতি মন্ত্রিসভা আন্তরিক সমবেদনা জানিয়েছ।”

তিনি বলেন, নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোকবাণী দিয়েছেন। বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে।

এছাড়া ম্যান্ডেলার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন বলেও মোশাররাফ হোসাইন জানান।

দীর্ঘদিন ফুসফুসের রোগে ভুগে বৃহস্পতিবার ৯৫ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে নিজের বাড়িতে মারা যান নেলসন ম্যান্ডেলা।