ধামরাইয়ে সহকারী কমিশনারের বাসার সামনে বিস্ফোরণ
ধামরাই উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সরকারি বাসভবনের সামনে হাতবোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার দুপুরে এ ঘটনায় কেউ আহত হয়নি। পরে পুলিশ সেখান থেকে দুটি তাজা হাতবোমা উদ্ধার করে।
ধামরাই থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সহকারী কমিশনার রেহেনা আক্তারের বাসভবনের সামনে পরপর দুটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা।
পরে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে সীমানা প্রাচীরের পাশ থেকে অবিস্ফোরিত অবস্থায় দুটি হাতবোমা উদ্ধার করে।
জামায়াত-শিবির কর্মীরা এ বিস্ফোরণ ঘটিয়েছে বলেও তিনি ধারণা করা হচ্ছে, বলেন তিনি।
এ ঘটনার পর উপজেলা চত্বরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
