হরতাল-অবরোধে সংঘর্ষ, অগ্নিসংযোগ, বোমাবাজি
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিরোধীয় জোটের তৃতীয় দফা অবরোধ, দেশব্যাপী জামায়াতের এবং কয়েকটি জেলায় বিএনপি-ছাত্রদলের হরতালে ভাংচুর, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও বোমাবাজি হয়েছে।
সোমবার সকালে বরিশালে সড়কে পেট্রোল ঢেলে আগুন দেয় ছাত্রদল, গাজীপুরে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ, চাঁদপুর ও সাতক্ষীরায় গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়। এছাড়া হরতালের আগের রাতে নড়াইলে বিভিন্ন স্থানে হাতবোমা হামলা হয়েছে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারির প্রতিবাদে দলটি দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
বরিশালে সড়কে আগুন, হাতবোমা বিস্ফোরণ
বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সামনে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল, সড়কে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ ও হাতবোমা ফাটিয়েছে ছাত্রদল।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদসহ ছাত্রদলের সকল নেতাকর্মীদের মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার বরিশালে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে ছাত্রদল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএম কলেজের সমাজ কল্যাণ গেট থেকে ছাত্রদলের একটি মিছিল বের হয় প্রধান সড়কে। মিছিলটি একটু অগ্রসর হয়ে কলেজ অধ্যক্ষের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে ছাত্রদল নেতাকর্মীরা সড়কে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে। এ সময় ৩টি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
এরপর বিএম কলেজ মসজিদ গেটে অবস্থানরত পুলিশ সদস্যরা এগিয়ে এসে টিয়ার শেল নিক্ষেপ করলে ছাত্রদল নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, ছাত্রদল নেতাকর্মীরা অতর্কিত যানবাহনে ভাংচুর শুরু করে। তারা হাতবোমা ফাটালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করে।
এদিকে নির্দলীয় তত্ত্ববধায়ক সরকার, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদককে কারাগারে পাঠানোর প্রতিবাদে বিএনপি আধা বেলা হরতাল ডাকলেও ভোর থেকে বিএনপি কোনো নেতাকর্মীকে রাজপথে দেখা যায়নি।
তবে সারাদেশে জামায়াতের ডাকা হরতালের সমর্থনে নগরীতে ঝটিকা মিছিল ও টায়ারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সকাল সাড়ে ৭টার দিকে নগরীর নবগ্রাম রোড শাহি সমজিদ এলাকায় ঝটিকা মিছিল করে জামায়াত-শিবির নেতাকর্মীরা।
এছাড়াও ভোরে বাবুগঞ্জ-লাকুটিয়া সড়কের ঝরঝরিয়া তলা এলাকায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে মহানগর ছাত্রদলের একটি অংশ।
গাজীপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষ
গাজীপুর শহরে বিএনপি ও অঙ্গসংগঠনের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ডা. মাজহারুল ইসলাম বলেন, সোমবার সকাল ৯টার দিকে জেলা শহরের মুক্ত মঞ্চ এলাকা থেকে স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতা-কর্মীরা অবরোধ সমর্থনে একটি শান্তিপূর্ণ মিছিল বের করে। পুলিশ মিছিলে বাধা দেয়। এক পর্যায়ে নেতা-কর্মীদের উপর লাঠিচার্জ ও রাবার বুলেট ছোড়ে।
এতে ৬ নেতাকর্মী আহত হন। তাদের স্থানীয় ইনসাফ ক্লিনিকসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে বলেও জানান তিনি।।
জয়দেবপুর থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, অবরোধ সমর্থকরা জয়দেবপুর বাজার এলাকায় মিছিল নিয়ে কয়েকটি হাতবোমা ফাটালে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। তবে গুলি ছোড়া হয়নি।
চাঁদপুরে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
সকাল সাড়ে ১০টায় চাঁদপুর-কুমিল্লা সড়কে বাসস্ট্যান্ড এলাকায় আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা চালায় অপবরোধকারীরা। পরে পুলিশ এসে আগুন নিভিয়ে ফেলে।
অবরোধের সমর্থনে বিএনপি ও অঙ্গ সংগঠন মিছিল বের করে। অবরোধে অধিকাংশ দোকানপাট বন্ধ।
দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও ট্রেন ও লঞ্চ চলাচল রয়েছে স্বাভাবিক।
অবরোধে নাশকতার আশঙ্কায় বিশেষ নিরাপত্তা ট্রেন নিয়ে চাঁদপুর-চট্টগ্রাম রুটে আন্তঃনগর ‘মেঘনা এক্সপ্রেস’ চলাচল করছে।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, বিভিন্ন স্থানে পিকেটিংকালে পুলিশ ৩ জনকে আটক করেছে।
সাতক্ষীরায় সড়ক অবরোধ
জামায়াতের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে সাতক্ষীরায় বিভিন্ন সড়কে গাছ ফেলে অবরোধ ও মিছিল পিকেটিং করছে নেতাকর্মীরা।
শহরে রিকশা-ভ্যান ও ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। অধিকাংশ দোকান পাটও খোলা আছে।
জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গাছের গুঁড়ি ফেলে জেলা শহরের সঙ্গে ৭টি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা।
সকাল ৮ টায় শহরে শিবিরের একটি ঝটিকা মিছিল বের করে। অপরদিকে শহরের প্রবেশদ্বার কদমতলায় জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল খালেকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা।
মিছিল শেষে সড়ক অবরোধ করে সমাবেশ করে তারা।
সাতক্ষীরা সদর থানার ওসি এনামুল হক জানান, শহরে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও র্যাব মোতায়েন করা হয়েছে।
নড়াইলে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ ও তাদের মুক্তির দাবিতে নড়াইলে সকাল-সন্ধ্যা হরতালে সড়ক গাছের গুঁড়িতে আগুন দিয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল।
হরতালের সমর্থনে সকালে শহরের রুপগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল সমর্থকরা।
এদিকে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল সমর্থনে নড়াইল পৌরসভার ডুমুরতলা এলাকায় নড়াইল-মাগুরা সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা।
নড়াইলের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মাছুম আহম্মেদ ভূঞা সকালে নড়াইল-মাগুরা সড়কের ডুমুরতলা এলাকার সড়ক অবরোধের কথা নিশ্চিত করে বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশের পাশাপাশি র্যাবের টহল জোরদার করা হয়েছে।
এছাড়া নড়াইলে বিভিন্ন স্থানে হাতবোমা ফাটিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার সকাল ৯টার দিকে নড়াইল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সালমা রহমান কবিতার বাসভবনে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
রোববার রাতে নড়াইল জেলা প্রশাসকের বাসভবন, পুলিশ সুপারের কার্যালয়, জেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদকদের বাসভবনের সামনে, শহরের রূপগঞ্জ বাধাঘাট ও রূপগঞ্জ চৌরাস্তা, সার্কিট হাউজ, রেজিন্ট্রি অফিস, সীমাখালী, ঘোড়াখালী মোড়সহ বিভিন্ন পয়েন্টে অন্তত ১৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বত্তরা।
রাত ৯ থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। নড়াইল সদর হাসপাতালের সামনের সড়ক থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
নড়াইলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার বি এম নুরুজ্জামান জানান, শহরের কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি পাহারা জোরদার করা হয়েছে।
