২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিবিরের বোমায় দুই পুলিশ আহত

জামায়াতের হরতাল ও ১৮ দলের অবরোধের মধ্যে চট্টগ্রামের শিবিরকর্মীদের হাতবোমায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2013, 01:01 PM

Updated : 23 Aug 2022, 07:26 PM

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, সোমবার নগরীর বাকলিয়ায় শিবিরের ঝটিকা মিছিল থেকে এই বোমা হামলার ঘটনা ঘটে।

এছাড়া বন্দরনগরীর বিভিন্ন স্থানে বোমাবাজি ও ভাংচুরের ঘটনা ঘটেছে। বাকলিয়া, কর্নেলহাট, হালিশহর ও হামজারবাগ থেকে জামায়াত-শিবিরের ১২ কর্মীকে আটক করেছে পুলিশ।

কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারির প্রতিবাদে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল করছে তার দল জামায়াতে ইসলামী। আর নির্বাচনের তফসিল বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৭২ ঘণ্টার অবরোধের শেষ দিন সোমবার।   

বাকলিয়ার ওসি বলেন, “সকাল ৯টার দিকে তুলাতলি এলাকায় শিবিরের একটি ঝটিকা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়। মিছিলকারীরা কয়েকটি যানবাহনও ভাংচুর করে।”

এ সময় দুই পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে বাকলিয়া থানার এসআই আনোয়ার হোসেনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আকবর শাহ থানার ওসি আব্দুল মজিদ জানান, সকাল সাড়ে ৮টার দিকে শিবিরকর্মীরা নগরীর কর্নেলহাট এলাকায় হাতবোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে।

এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে সাত শিবিরকর্মীকে আটক করে।

এছাড়া হালিশহর থানাধীন ওয়াপদা গেইট এলাকা থেকে পেট্রোলসহ তিন শিবিরকর্মীকে আটক করা হয় বলে ওসি শাহজাহান কবির জানান।

পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকাতেও ঝটিকা মিছিল বের করে শিবির কর্মীরা। পুলিশ সেখান থেকে এক শিবিরকর্মীকে আটক করে বলে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. শহিদুল্লাহ জানান।

এদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার মিঠাদিঘী এলাকায় রোববার গভীর রাতে একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।

সাতকানিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা শাহদত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ২টার দিকে ট্রাকটিতে আগুন দেয়া হলে অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান।