২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায়  ইসি কর্মচারীকে পিটিয়ে আহত

বগুড়ার ধুনটে নির্বাচন কার্যালয়ের এক কর্মচারীকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। হামলাকারীরা বিরোধী দলের নেতাকর্মী বলে ধারণা করছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2013, 12:00 PM

Updated : 23 Aug 2022, 07:26 PM

আহত জাহিদুল ইসলাম জাহিদকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনসাহী এলাকায় জাহিদের ওপর হামলা হয়। এ সময় তার মোটরসাইকেলও ভাংচুর করে হামলাকারীরা।

ধুনট থানা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান বলেন,  “জাহিদ উপজেলা নির্বাচন অফিসের স্ট্যানোগ্রাফার। আহত অবস্থায় তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।”

জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শেরপুর থেকে মোটরসাইকেল করে কর্মস্থলে আসার পথে একদল সন্ত্রাসী তার গতিরোধ করে।এসময় তাকে বেধড়ক মারপিট শুরু করে।

“মারপিটের এক পর্যায়ে খাদে পড়ে গেলে তারা আবারও আমার উপর চড়াও হয়। এসময় সন্ত্রাসীরা বলে, ভোট হবে না। তুই কিসের অফিস করিস? কোন অফিস করা চলবে না।”

জাহিদ বলেন, হামলাকারীরা ১৮ দলীয় জোটের নেতা-কর্মী হতে পারে।

ধুনট থানার ওসি মোবারক হোসেন বলেন, ঘটনাটি  তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।