ফিলিং স্টেশনে আগুনে পুড়ল তেলের গাড়িসহ ৫ বাস
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গভীর রাতে একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে তেলের গাড়িসহ পাঁচটি বাস পুড়ে গেছে।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জিয়ানাদুল হক দিনার জানান, রোববার রাত ২টার দিকে উল্লাপাড়া উপজেলার নেওরগাছা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সিরাজগঞ্জ-নগরবাড়ি মহাসড়কের পাশে ‘দি ইস্টার্ন ফিলিং স্টেশনে’ আগুন লাগে।
বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ডের সূচনা হয় বলে জানান তিনি।
প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
তিনি বলেন, রাতে স্টেশনে অল্প কয়েকজন লোক ছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গে নিরাপদ দূরত্বে সরে আসেন তারা। তাই হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
