পটুয়াখালীতে নিখোঁজ ডাক্তারের লাশ উদ্ধার
নিখোঁজের তিন দিন পর পটুয়াখালীর গলাচিপায় এক ডাক্তারের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকালে শহরের চৌরাস্তা এলাকার গোলাম মোস্তফা নান্টু মিয়ার বাড়ির পুকুরে মাতুবুর রহমান মুরাদের লাশ পাওয়া যায়।
গলাচিপা থানার ওসি শিশির রঞ্জন পাল জানান, ঢাকা গণস্বাস্থ্য কেন্দ্রে কর্মরত মাতুবুর রহমানের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার নগরপুর গ্রামে। তার বাবার নাম মো. আলী মিয়া।
গণস্বাস্থ্য কেন্দ্রের ৬ দিনের স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করতে ডা. মুরাদসহ একটি টিম অবরোধের কারণে ৬ ডিসেম্বর সকালে গলাচিপা পৌঁছায় বলে তিনি জানান।
সকাল সাড়ে দশটা থেকেই ডাক্তার মাতুবুর নিখোঁজ হন উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
রোববার থেকে স্বাস্থ্য ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল।
এ ব্যাপারে তদন্ত চলছে জানিয়ে ওসি বলেন, মাতুবুরের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
