২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরিমানা করায় খাতুনগঞ্জের ব্যবসায়ীদের অবরোধ

চট্টগ্রামের খাতুনগঞ্জে এক পেঁয়াজ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2013, 09:40 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

রোববার দুপুরে দেশের ভোগ্যপণ্যের অন্যতম বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে পেঁয়াজের আড়তে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ।

অভিযানে সৌমিক ট্রেডার্স নামে একটি পেঁয়াজ আড়ৎকে দুই হাজার টাকা জরিমানা করলে অন্য ব্যাবসায়ীরা দোকান বন্ধ করে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকে। পরে অভিযান শেষ না করেই ফিরে যান ম্যাজিস্ট্রেট।

সৌমিক ট্রেডার্সের মালিক হাজী মোজ্জাম্মেল হক ওরফে মিন্টু সওদাগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন ধরনের কাগজ ও নিবন্ধন যাচাই করতে চান এবং দুই হাজার টাকা জরিমানা করেন। অন্য ব্যবসায়ীরা এর প্রতিবাদ করেন।”

তবে সৌমিক ট্রেডার্স প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় জরিমানা করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ।

অভিযান শেষ না করে ফিরে যাওয়ার কথা অস্বীকার করে তিনি বলেন, “জরিমানা করায় ব্যবসায়ীরা মনক্ষুণ্ন হয়ে থাকতে পারেন। তবে আমরা অভিযান শেষ করেই ফিরেছি।”