২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় মস্তকবিহীন তরুণীসহ তিন লাশ উদ্ধার

কুমিল্লায় মাথাবিহীন এক তরুণীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2013, 09:20 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

রোববার মুরাদনগর, দাউদকান্দি ও বরুড়া  উপজেলা থেকে এসব লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

মুরাদনগর থানার এসআই জহিরুল ইসলাম জানান, রোববার উপজেলার পূর্বধইর (পশ্চিম) ইউনিয়নের এলখাল গ্রামের এক ডোবা থেকে অজ্ঞাত পরিচয় তরুণীর (১৮) মাথাবিহীন লাশ উদ্ধার করে পুলিশ।

ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ওই খণ্ডিত অংশ।

শনিবার মুরাদনগরের কোম্পানীগঞ্জ থেকে ব্যবসায়ী ফারুকের মাথাবিহীন লাশ উদ্ধারের একদিন পর একই রকম আরেকটি লাশ উদ্ধার হওয়ায় উপজেলায় আতঙ্ক বিরাজ করছে।

দাউদকান্দির গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, উপজেলার ভিটি রায়পুর গ্রামের ক্বারী মোস্তাক মিয়ার বড় ছেলে আবুল কালাম (২৫) বৃহস্পতিবার বাড়ি থেকে গাড়ি চালাতে যাওয়ার পর আর ফিরে আসেনি।

রোববার বেলা সাড়ে ১১টায় রায়পুর বাজারের পুকুরে এক ব্যক্তির লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধারের পর নিহতের স্বজনরা আবুল কালামের লাশ সনাক্ত করে।

তার পিঠে আঘাতের চিহ্ন আছে বলে জানিয়েছেন মো. আসাদুজ্জামান।

এদিকে, বরুড়া থানার ওসি একেএম কাউসার চৌধুরী জানান, রোববার বেলা ১১টায়  উপজেলার খোশবাস ইউনিয়নের গোপালনগর গ্রামে বাবুলের মৎস্য খামারে অজ্ঞাত পরিচয় (২৮) এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

এই লাশটিও ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।