পঙ্কজ শরণের সঙ্গে বৈঠক ফার্নান্দেজ-তারানকোর
নির্বাচনের আগে চলমান সঙ্কটের অবসান ঘটানোর লক্ষ্য নিয়ে ঢাকায় আসা জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ-তারানকো ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণের সঙ্গে বৈঠক করেছেন।
জাতিসংঘ মহাসচিবের দূত রোববার সন্ধ্যায় গুলশানে ভারতের হাই কমিশনে ভারতের হাইকমিশনারের সঙ্গে দেখা করেন। তবে তাদের এই বৈঠকের বিষয়বস্তু জানা যায়নি।
কূটনীতিকদের মধ্যে পঙ্কজ শরণের আগে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনার সঙ্গে বৈঠক করেছিলেন ফার্নান্দেজ-তারানকো।
শুক্রবার ঢাকায় পৌঁছানোর পর শনিবার দিনভর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন।
ওই দিন দুপুরে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের আগে সোনারগাঁও হোটেলে ড্যান মজীনা গিয়ে দেখা করেন জাতিসংঘের সহকারী মহাসচিবের সঙ্গে।
রোববার ভারতীয় হাইকমিশনে যাওয়ার আগেও ব্যস্ত দিন কাটান বাংলাদেশের দুই প্রধান দলকে নির্বাচন প্রশ্নে সমঝোতায় রাজি করানোর লক্ষ্য নিয়ে আসা ফার্নান্দেজ তারানকো।
এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে বৈঠক করেন তিনি।
এছাড়া ড. কামাল হোসেন নেতৃত্বে নাগরিক সমাজের একটি প্রতিনিধি দল এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী বান কি-মুনের দূতের সঙ্গে দেখা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে জাতিসংঘের সহকারী মহাসচিব জানতে চেয়েছিলেন, নির্বাচন পেছানো যায় কি না। তখন প্রধানমন্ত্রী বলেন, এটা নির্বাচন কমিশনের এখতিয়ার।
ক্ষমতাসীন আওয়ামী লীগ ইতোমধ্যে জানিয়েছে, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখেই ঘোষিত তফসিল অনুযায়ী ৫ জানুয়ারি ভোট করবে তারা।
তবে বিরোধী দল বিএনপি এই নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়ে টানা আন্দোলন চালিয়ে আসছে। রাজনৈতিক সহিংসতায় গত তিন সপ্তাহে অর্ধশতাধিক লোকের মৃত্যু হয়েছে।
এই পরিস্থিতিতে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে চার দিনের সফরে শুক্রবার রাতে ঢাকা পৌঁছান ফার্নান্দেজ-তারানকো।
