নারায়ণগঞ্জে দুই গাড়িতে আগুন, ভাংচুর
বিরোধী জোটের ৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন সকালে নারায়ণগঞ্জে একটি বাস ও ট্রাকে আগুন দেয়াসহ কয়েকটি যানবাহনে ভাংচুর চালিয়েছে অবরোধকারীরা।
রোববার সকালে নারায়ণগঞ্জ শহরসহ ফতুল্লা, সোনারগাঁও ও রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি হাতবোমাও ফাটায় তারা।
সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ফতুল্লার চাঁদমারী এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে ‘বাঁধন পরিবহন’র একটি বাস ভাংচুরের পর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা।
একই সময় রূপগঞ্জের ভুলতা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি ট্রাকে আগুন দেয় বিএনপির সমর্থকরা।
রূপগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান ও ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান, গাড়িতে আগুন দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবরোধকারীরা। পুলিশ বাধা দিতে গেলে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। পরিস্থিতি সামলাতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ভূইগড়ে যুবদলের মিছিল থেকে কয়েকটি হাতবোমা ফাটানো হয়। অন্যদিকে রূপগঞ্জের ভুলতায় ঢাকা-সিলেট মহাসড়কের ৩/৪টি গাড়িতে ভাংচুর চালানো হয়।
সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান জানান, উপজেলার নয়াপুরে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। পরে সড়ক থেকে গাছের গুঁড়ি, অগ্নিসংযোগ করা টায়ার সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এছাড়া শনিবার রাতে শহরের দেওভোগ এলাকা থেকে শাওন ও মাসুম নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক(ডিআইওয়ান) মঈনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক মাসুম ও শাওন বোমা তৈরি করে বিভিন্ন স্থানে সরবরাহ করে বলে প্রাথমিক স্বীকারোক্তিতে পুলিশকে জানিয়েছে।
