বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ম্যাডি’
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ে সাগরে দুই নম্বর দূরবর্তী সতর্ক সংকেত জারি করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তার আশেপাশের এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ম্যাডি’ সামান্য উত্তর দিকে সরে গিয়ে একই এলাকায় অবস্থান করছে।
শনিবার বেলা ১২টায় ঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫৬০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে এক হাজার ৪৯০ এবং মংলা সমুদ্র বন্দর থেকে এক হাজার ৪৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সতর্ক বার্তায় বলা হয়, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে উপকূলের দিকে ধেয়ে আসছে। কেন্দ্রে এর গতিবেগ ঘণ্টায় ৫৪ কিলোমিটার।
ঘূর্ণিঝড় কেন্দ্রের আশেপাশে সাগর উত্তাল রয়েছে জানিয়ে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গভীর সাগরে অবস্থানরত মাছধরার ট্রলার ও নৌকাসমূহকে উত্তর বঙ্গোপসাগর দিয়ে সাবধানে চলাচল করার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
