২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদকে সিদ্ধান্তে অটল থাকার আহ্বান বাবুনগরীর

জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এতে অটল থাকার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2013, 10:56 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

শনিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে বাবুনগরী বলেন, বর্তমান গভীর রাজনৈতিক সংকটময় সময়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

“তিনি পূর্বের অবস্থান থেকে ফিরে এসে সকল দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে না যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন তা দেশের জনগণের প্রত্যশাকে পূরণ করেছে এবং সর্বমহলে প্রশংসিত হয়েছে।”

এর আগে গত ১৭ নভেম্বর চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর ‘দোয়া’ নিতে যান এরশাদ।

ওইদিন আল্লামা শফীর সঙ্গে একান্ত বৈঠক শেষে বাবুনগরী বলেছিলেন, এরশাদ দোয়া নিতে এসেছেন। হুজুর তাকে দোয়া করেছেন। হেফাজত একটি ‘অরাজনৈতিক সংগঠন’। এখানে কোনো রাজনৈতিক আলাপ হয়নি।

হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গনে মহাজোট সরকারের বিরুদ্ধে নতুন জোট করে নির্বাচনের ঘোষণা দিয়ে ঢাকায় ফেরেন এরশাদ।

এর ছয়দিনের মাথায় ২৩ নভেম্বর বিবৃতি দিয়ে বাবুনগরী বলেন, ‘‘এরশাদ দোয়া নয়, ‘বদদোয়া’ নিয়ে গেছেন।’’

দুই সপ্তাহের মাথায় আবার এরশাদের বর্তমান ভূমিকার প্রশংসা করে বিবৃতি দিলেন বাবুনগরী।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিরপেক্ষ নির্বাচনের জন্য ‘লেভেল প্লেয়িং’ ফিল্ড তৈরি করতে এরশাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলেও শনিবারের বিবৃতিতে উল্লেখ করেন বাবুনগরী।

তিনি বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যান নাস্তিক্যবাদ প্রতিষ্ঠার সিঁড়ি হিসেবে ব্যবহার হবেন এটা দেশের লক্ষ লক্ষ ওলামা-মাশায়েখ ও কোটি কোটি তৌহিদী জনতা কখনো আশা করে না।

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জনগণ ঐক্যবদ্ধ দাবি করে বাবুনগরী বলেন, গণমানুষের দাবির প্রতি কোনো তোয়াক্কা না করে বর্তমান সরকার দেশ ও জাতিকে গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

“কিছু দিন আগে প্রধানমন্ত্রী বলেছিলেন- তিনি দেশের শান্তি ও স্থিতিশীলতা চান, প্রধানমন্ত্রীত্ব চান না। কিন্তু প্রধানমন্ত্রীর এ বক্তব্য যে কতটা অসার তা এখন বুঝতে আর বাকি নেই।”

তিনি বলেন, সময় এসেছে ছোটখাট মতভেদ ভুলে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর।

“এদেশের ইসলাম প্রিয় তৌহিদী জনতার ঈমানি ভীতকে ধ্বংস করে দেয়ার জন্য আমাদের প্রতিবেশি রাষ্ট্রটি গভীর চক্রান্তে লিপ্ত। বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসীরা ক্ষমতায় আসুক, তারা এটা কোনভাবেই চাইছে না।”