২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলমান সহিংসতা জঙ্গিদের কাজ: হাছান

দেশে চলমান সহিংসতা কোন রাজনৈতিক নয় বরং সন্ত্রাসী ও জঙ্গি সংগঠনের কাজ বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2013, 10:50 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

শনিবার বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সাম্প্রতিক সহিংসতার বিভিন্ন ঘটনায় অগ্নিদগ্ধদের দেখতে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে যান মন্ত্রী।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, যে সহিংসতা চলছে তা কোনো রাজনৈতিক সংগঠনের কাজ হতে পারে না। এগুলো সন্ত্রাসী ও জঙ্গি সংগঠনের কাজ।

“দুঃখজনক হলেও সত্যি এসব কাজের নেতৃত্ব দিচ্ছে বিরোধী দলীয়নেত্রী খালেদা জিয়া এবং বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। বিএনপির জন্ম অসাংবিধানিক উপায়ে। তাই তারা গণতন্ত্র চায় না। তারা শুধু ক্ষমতার জন্য নাশকতা ও সহিংসতা চালাচ্ছে।”

এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাই হলে যেমন স্থানীয়রা প্রতিহত করেন তেমনি রাজনৈতিক কর্মসূচির নামে চলমান সহিংসতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান মন্ত্রী।

সহিংসতা ঠেকাতে সরকার ব্যর্থ কি না এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, “সরকারের উদ্যোগের কারণেই সহিংসতা কম হচ্ছে। আরও বেশি সহিংসতার পরিকল্পনা নিয়েই তারা মাঠে নেমেছিল।”

সহিংসতা বন্ধ করে নির্বাচনে অংশ নিতে বিরোধী দলকে একাধিকবার আহ্বান জানানো হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, গণতন্ত্র চায় না বলেই তারা সাড়া দেয়নি।

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের অবস্থান সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, “তার (এরশাদের) রাজনৈতিক নাটকীয়তা চলছে। এ নাটকের শেষ দৃশ্য দেখতে অপেক্ষায় থাকতে হবে।”

এ সময় বনমন্ত্রীর সঙ্গে ছিলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী এবং হাসপাতালের কর্মকর্তা ও চিকিৎসকরা।