২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান্ডেলার শেষকৃত্যে যাচ্ছেন বিশ্ব বরেণ্যরা

বর্ণ ও জাতি বৈষম্যের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার অন্ত্যেষ্টিক্রিয়া ও শোক সমাবেশে যোগ দেবেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2013, 10:47 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

ধারণা করা হচ্ছে, পোপ জন পল, প্রিন্সেস ডায়ানা, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের শেষকৃত্যের চেয়েও অনেক বেশি আন্তর্জাতিক ব্যক্তিত্ব, রাষ্ট্রনায়ক এবং সঙ্গীত ও চলচ্চিত্র তারকা ম্যান্ডেলাকে শেষ বিদায় জানাতে দক্ষিণ আফ্রিকা যাবেন।  

ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা গার্ডিয়ান জানিয়েছে, স্ত্রী মিশেল ও অন্যান্য সাবেকদের নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন ম্যান্ডেলাকে চিরবিদায় জানাতে।

ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে জ্যেষ্ঠ সদস্যরা ম্যান্ডেলার শেষকৃত্যে অংশ নেবেন। গার্ডিয়ান বলছে, প্রিন্স চার্লস ও উইলিয়াম এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এতে যোগ দেবেন।

দেশ কালের গণ্ডি ছাড়িয়ে ম্যান্ডেলা হয়ে উঠেছিলেন প্রকৃত নেতার মূর্ত প্রতীক। দক্ষিণ আফ্রিকার নতুন প্রজন্ম তাকে ‘পিতা’-র দৃষ্টিতে দেখে। সেইসঙ্গে বিশ্ব নেতৃবৃন্দও ম্যান্ডেলাকে দেখেন দৃষ্টান্ত ও পুরোধা হিসাবে।

আর তাই ম্যান্ডেলাকে বিদায় জানাতে চীন, কিউবা, ইরান, ইসরায়েল এবং ফিলিস্তিনের শীর্ষ নেতারা যাচ্ছেন দক্ষিণ আফ্রিকা।

তবে গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়া কিংবা আন্তর্জাতিক অপরাধ আদালতে গণহত্যার দায়ে অভিযুক্ত সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির শোকাবহ বিশ্ব নেতৃবৃন্দের কাতারে কীভাবে সামিল হবে তা পরিষ্কার নয়।

ধর্মগত পার্থক্য ও ভৌগোলিক সীমারেখা ছাপিয়ে ওঠা ম্যান্ডেলার অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে আসতে পারে বিরোধপূর্ণ দেশগুলোর কূটনৈতিক আলোচনার উপলক্ষও। এই শেষকৃত্য অনুষ্ঠানটিই হয়তো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ইরানের নেতা হাসান রাফসানজানিকে প্রথমবারের মতো বৈঠকে বসার সুযোগ করে দেবে।

রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি বিশ্বের শীর্ষ সাংস্কৃতিক ব্যক্তিদেরও মিলনমেলায় পরিণত হবে ম্যান্ডেলার চিরবিদায় অনুষ্ঠান। মহান এই নেতা বরাবরই সফল সাংস্কৃতিক ব্যক্তিত্ব চলচ্চিত্র তারকাদের জন্য বিশেষ সহানুভূতি দেখিয়ে এসেছেন।  

এমনই এক তারকা অপরাহ উইনফ্রে, যিনি ম্যান্ডেলার বাড়ি যাওয়ার অনুভুতিকে বরাবরই ‘তীর্থযাত্রা’র সঙ্গে তুলনা করেছেন।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকবজুমা এক বার্তায় ম্যান্ডেলার মৃত্যুতে রোববার দেশটির ‘হল, গির্জা, মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মাবলম্বীদের উপসানলয়ে’ বিশেষ প্রার্থনা আয়োজনের কথা জানিয়েছেন।

এছাড়া মঙ্গলবার জোহানেসবার্গের ৯৫ হাজার আসন বিশিষ্ট ‘সকার সিটি স্টেডিয়ামে’ জনগণের শোক প্রকাশের জন্য বিশেষ ব্যবস্থার কথাও জানিয়েছেন তিনি।

গোলাকৃতির বাটির মতো দেখতে ‘কালাবাশ’ নামে পরিচিত এই এলাকাটি দক্ষিণ আফ্রিকার গণতান্ত্রিক অভিযাত্রায় বিশেষ ভূমিকা রেখেছে। এখানেই ১৯৯০ সালে জেল থেকে বের হয়ে ম্যান্ডেলা প্রথম জনসমক্ষে ভাষণ দেন।

এছাড়া ২০১০ সালে বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানটিও এখানে অনুষ্ঠিত হয়।

১১ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ম্যান্ডেলার শবদেহ রাখা হবে জোহানেসবার্গের প্রিটোরিয়ার ইউনিয়ন ভবনে। সাধারণ মানুষের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য এই ভবনটি উন্মুক্ত রাখা হবে।   

প্রিটোরিয়া ভবনটি ঔপনেবেশিক আমল থেকেই দক্ষিণ আফ্রিকার সংসদ হিসাবে ব্যবহৃত হচ্ছে। ১৯৯৪ সালে এই ভবনেই ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসাবে যাত্রা শুরু করেন।

ম্যান্ডেলাকে সমাধিস্থ করা হবে তার শৈশবভূমি কুনুতে। তবে এটি এখনো নিশ্চিত নয় তার অন্ত্যেষ্টিক্রিয়া সেখানেই অনুষ্ঠিত হবে কিনা।

পূর্বাঞ্চলীয় এই ছোট গ্রামটিতে থেম্বু আদিবাসী গোষ্ঠীতে জন্মেছিলেন মহান নেতা ম্যান্ডেলা। ট্রান্সকেই প্রদেশের এই ছোট গ্রামটির ছোট পাহাড়ের কোলে পারবারিক কবরস্থানে সমাধিস্থ হবেন তিনি। একই জায়গায় শায়িত আছেন ম্যান্ডেলার তিন ছেলে।

তবে এই ছোট গ্রামটিতে ম্যান্ডেলাকে সমাধিস্থ করার প্রক্রিয়াটি বেশ জটিল। অবকাঠামোগত দিক থেকে ট্রান্সকেই প্রদেশ সবচেয়ে পিছিয়ে আছে। ম্যান্ডেলাকে শেষ বিদায় জানাতে আসা বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অভ্যর্থনা জানানোর মতো কোন ধরনের অবস্থাই এই প্রদেশটির নেই। তাছাড়া বিপুল সংখ্যক মানুষের চাপ সহ্য করা এবং তাদের রাত্রিযাপনের ব্যবস্থাও ট্রেন্সকেইতে নেই।  

দক্ষিণ আফ্রিকার জাতীয় বিমানবন্দর সংস্থা জানিয়েছে, ‘বিশেষ যাতায়াত ব্যবস্থা’ নেয়া হচ্ছে। কুনুর সবচেয়ে কাছে ‘এমটাটা’ বিমান বন্দর প্রস্তুত করা হচ্ছে। রাত যাপনের ভালো বন্দোবস্ত না থাকায় ম্যান্ডেলাকে সমাধিস্থ করতে যারা তার গ্রাম পর্যন্ত যাবেন তাদের একই দিনে ফেরত আসতে হবে।

তিনদিনের শব যাত্রার প্রস্তুতি নেয়ার জন্য ইতিমধ্যে ম্যান্ডেলার মরদেহকে প্রিটোরিয়ার ইউনিয়ন ভবনে নিয়ে আসা হয়েছে। জায়গাটি জোহানেসবার্গের থেকে উত্তরে, এক ঘণ্টার পথ।

ম্যান্ডেলার কফিনে উপরের অংশটি স্বচ্ছ কাঁচ নির্মিত হবে। যাতে শ্রদ্ধা জানাতে আসা মানুষ তাদের প্রিয় নেতার চেহারা শেষবারের মত দেখতে পারেন। ভিড় সামলানোর জন্য ইউনিয়ন ভবনে দরোজা তৈরি করা হচ্ছে বিশেষভাবে।

মহান এ নেতাকে রাজসিক ও সম্মান দিয়ে বিদায় জানাতে পুরো দক্ষিণ আফ্রিকা জুড়ে চলছে প্রস্তুতি।

প্রেসিডেন্ট জ্যাকব জুমা তার শোক বার্তায় বলেছেন, “দক্ষিণ আফ্রিকার যুব সমাজের পিতা এবং অসাধারণ ব্যক্তি ম্যান্ডেলার শবযাত্রা আমাদেরকে সংগঠিতভাবে আয়োজন করতে হবে। যাতে এটি হয় নিখুঁত এবং অনন্য।”

বার্তায় প্রেসিডেন্ট জ্যাকব জুমা বলেন, “ম্যান্ডেলার প্রতি আমরা যে ভালোবাসার প্রকাশ নিজ দেশে ও বিশ্বের অন্যান্য দেশে দেখেছি তা ছিলো অবিশ্বাস্য। এতেই বোঝা যায় তিনি কোন মাপের নেতা ছিলেন।”