চাঁপাইনবাবগঞ্জ বোমা বিস্ফোরণে আহত ৪
চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে একটি হাতবোমার বিস্ফোরণে দুই ছাত্রলীগ নেতাসহ চারজন আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা পৌনে ৭টার সময় এ বিস্ফোরণ ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহতরা হলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আজিজুর রহমান পাভেল ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, স্থানীয় আবদুর রাজ্জাক ও আবদুস সালাম।
আহতদের চাপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জরুরি বিভাগের ডা. শফিউল্লাহ।
আহতদের মধ্যে আবদুস সালামের বেশি স্প্লিন্টার লাগায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে জানান তিনি।
