২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসির ভাবনায় শুধুই নির্বাচন

দশম জাতীয় সংসদের তফসিল ঘোষণার পর থেকে ফলাফল গেজেটে প্রকাশ পর্যন্ত কাজ শেষ করতে নির্বাচন পরিচালনায় কর্মপরিকল্পনা ও বাস্তবায়নসূচি নিয়েছে নির্বাচন কমিশন।

মঈনুল হক চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2013, 08:44 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সাদিক বলেন, “তফসিল ঘোষণার পর অ্যাকশন প্লান ধরেই এগোচ্ছি আমরা। সশস্ত্রবাহিনীসহ আইন শৃঙ্খলাবাহিনী আগের মতো এবার অন্তত দুই সপ্তাহ রাখার পরিকল্পনাও রয়েছে। সবকিছু নির্ভর করবে ইসি সিদ্ধান্তের ওপর।”

৫ জানুয়ারি ভোটের তারিখ রেখে সোমবার তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। ২ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন দাখিল, ৫ ও ৬ ডিসেম্বর বাছাই ও ১৩ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় রয়েছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগ ঘোষিত তফসিলে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অনড় থাকলেও তফসিল স্থগিতে বিএনপিসহ বিরোধী জোটের অবরোধ চলছে। নির্বাচন কমিশনও বলছে, সমঝোতা না হলে তাদের করার কিছুই নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন করতে হবে।

এ নির্বাচনে অংশ নিতে ২০টি দল ও স্বতন্ত্র মিলে ১১ শতাধিক প্রার্থী মনোনয়ন দাখিল করেছে। বাছাইয়ে সাড়ে আটশ’ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে।

নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখা জানিয়েছে, ২৫ তফসিল ঘোষণা থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ৯৬ টি কাজ ধরে কর্মপরিকল্পনা করা হয়েছে। এরমধ্যে অনেক কাজ সম্পন্ন হয়েছে। ছোট-খাটো মিলিয়ে অন্তত ৫০টি কাজ সারতে হবে এখন। এ সময়সূচি ধরে [তফসিলে কোনো পরিবর্তন না এলে] ইসি সচিবালয়ের সব কাজ শেষ করা হবে।

ইসির কর্মপরিকল্পনা অনুযায়ী তফসিল ঘোষণার পর কর্মকর্তা নিয়োগ, মন্ত্রিপরিষদসহ বিভিন্ন মন্ত্রনালয়ের নির্দেশনা, রিটার্নিং কর্মকর্তার জন্য পরিপত্র জারি, আচরণবিধি প্রতিপালন, ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ, নির্বাচনী তদন্ত কমিটি গঠন, নির্বাহী ও বিচারিক হাকিম নিয়োগে ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দাসংস্থার সঙ্গে প্রথম দফা বৈঠক শেষ হয়েছে।

আইন শৃঙ্খলা সংক্রান্ত এ বৈঠকের পর ২৮ নভেম্বর সিইসি জানান, আরেকদফা বৈঠক করে সেনাসহ আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েনের ‘টাইমফ্রেম’ নির্ধারণ করা হবে।

ইসির অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম জানান, আগামী ১৯ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তাসহ অন্যদের নিয়ে বৈঠক হবে। এরপর ২৯ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে গোয়েন্দা প্রধানদের নিয়ে বিশেষ বৈঠকের কথা রয়েছে কর্মপরিকল্পনায়।

নাম প্রকাশ না করার শর্তে একজন নির্বাচন কমিশনার বলেন, “ব্যারাকে আসা-যাওয়ার বাইরে এবার নির্বাচনী এলাকায় ১৫দিন সেনা মোতায়েন রাখার পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে [২২ ডিসেম্বর-৬ জানুয়ারি] ভোটের পরদিন পর্যন্ত তাদের নিয়োজিত রাখতে চাই আমরা।”

বিরোধী দলের টানা অবরোধে নির্বাচনী মালামাল ও প্রয়োজনীয় কার্যক্রমের সুবিধার্থে একটু আগেই সেনা মোতায়েনে ইসির সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে সশস্ত্রবাহিনী বিভাগকে জানিয়ে চিঠি দেয়া হচ্ছে।

শনিবার ইসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “নির্বাচনে সশস্ত্রবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করে থাকেন। এর জন্য একটি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। তাই এ বাহিনীকে নির্বাচনী কাজে সম্পৃক্ত করতে শিগগির চিঠি পাঠানো হচ্ছে।”

ইসির চিঠি পেয়ে আইন শৃঙ্খলাবাহিনী তাদের আলাদা বাজেট চাহিদাও দেবে ইসিকে। তবে কখন, কোথায়, কী সংখ্যক মোতায়েন করা হবে তা নির্ধারণ করে সংশ্লিষ্ট বিভাগকে জানানো হবে।

সর্বশেষ ২০০১ সালে ১৫ দিন [২২ সেপ্টেম্বর-৬ অক্টোবর] ও ২০০৮ সালে ১২ [২০-৩১ ডিসেম্বর] দিনের জন্য সশস্ত্রবাহিনী ভোটের সময় মাঠে ছিল।

আইন শৃঙ্খলা এবং ফল

খসড়া কর্মপরিকল্পনায় রয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা পাওয়ার পর ১৫ থেকে ১৭ ডিসেম্বর ব্যালট পেপারমুদ্রণের ব্যবস্থা নেয়া হবে। ১৯ ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রণালয়সহ আইন শৃঙ্খলাবাহিনীর শীর্ষ কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা, মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে সভা করা হবে। ৩১ ডিসেম্বর আইন শৃঙ্খলা প্রধানদের সঙ্গে ‘বিশেষ পর্যালোচনা বৈঠক’ করবে ইসি।

এরপর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী নিয়োগের লক্ষ্যে সশস্ত্রবাহিনী বিভাগকে অনুরোধ করবে ইসি।

রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসি সচিবালয় ভোটের পরে ৩০০ সংসদীয় আসনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন করবে। ৬ ও ৭ জানুয়ারি ইসি সচিবালয়ের প্রশাসন শাখা সব ফলাফল পাবে। প্রাপ্ত ফলাফল ৮ থেকে ৯ জানুয়ারির মধ্যে গেজেটে প্রকাশ করবে।

নির্বাচিত প্রার্থীদের নাম-ঠিকানা সম্বলিত গেজেট বিজ্ঞপ্তি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে ১০ জানুয়ারি।

শেষ সময়ে হবে রদবদল

তফসিল ঘোষণার পর থেকে ভোটের পরে ১৫ দিন পর্যন্ত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তকর্মচারীকে ইসির অনুমতি ছাড়া বর্তমান কর্মস্থল থেকে অন্যত্র বদলি না করতে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দিয়েছে কমিশন।

কর্মপরিকল্পনা অনুযায় প্রস্তুতি কাজ এগোচ্ছে জানিয়েনির্বাচন কমিশনার আবু হাফিজ বলেন, “ভোটের এ সময়ে সব কর্মকর্তাকে আমরা পর্যবেক্ষণ করছি। প্রয়োজন মতো ভোটের অন্তত সপ্তাহ-দুয়েক আগে কিছু কর্মকর্তাকে রদ-বদলের বিষয়ে অনুরোধ জানাতে হতে পারে।”

ইসি সচিব মোহাম্মদ সাদিক জানান, কারো বিরুদ্ধে অভিযোগ এলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রয়োজন হলে ইসি সময়মতো সংশ্লিষ্টমন্ত্রণালয়ে নির্দেশও দেবে।

ইতোমধ্যে ঢাকা বিভাগী কমিশনার ও খুলনা জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থেকে সরিয়ে অন্যত্র বদলি করেছে ইসি।

ইসির বাকি যেসব কাজ

বাজেট প্রস্তুত ও মাঠ পর্যায়ে বরাদ্দ সংক্রান্ত কার্যক্রম চলছে। এবার বাজেটে বরাদ্দ ৮৮৯ কোটি টাকার মধ্যে ভোটের জন্য অন্তত ৫০০ কোটি টাকা চাইবে নির্বাচন পরিচালনা ও আইন শৃঙ্খলা ব্যয়ে। ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণার জন্যে জনপ্রশানসন মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হবে। ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা গেজেটে প্রকাশ হবে ১০ ডিসেম্বর।

ব্যালট পেপার মুদ্রণ কাজে তদারকি; রিটার্নিং কর্মকর্তাসহ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক; কতিপয় যানবাহন ও নৌযান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জ্ঞাপন; জেলা পর্যায়ে ব্যালট পেপার ব্যতীত অন্যান্য মালামাল প্রেরণের জন্য প্যাকেট জাতকরণ; পোস্টাল ব্যালট পেপার জেলা পর্যায়ে প্রেরণ, ব্যালট পেপার ব্যতীত নির্বাচনী মালামাল জেলা সদরে প্রেরণ ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে। ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা প্রাপ্তির পর চলবে এজেন্ট ও অন্যান্য প্রশিক্ষণ।

এরপর বেসরকারি প্রাথমিক ফলাফল সংগ্রহের জন্য বার্তা ফরমসহ বিভিন্ন দ্রব্যাদি প্রস্তুত; বেসরকারি প্রাথমিক ফলাফল প্রচারের জন্য ম্যাগনেটিং বোর্ডসহ অন্যান্য দ্রব্যাদি উপযোগীকরণ; ব্যালট পেপার ও আনুষঙ্গিক দ্রব্য জেলা পর্যায়ে প্রেরণ; নির্বাচনী দ্রব্য সঠিকভাবে সংরক্ষণ, বণ্টন ও ব্যবহার সংক্রান্ত নির্দেশনা প্রদান; দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ব্রিফিং; বেসরকারি প্রাথমিক ফলাফল সংগ্রহ ও প্রচারের লক্ষ্যে মিডিয়া কেন্দ্র স্থাপন করা হবে।

বেসরকারি প্রাথমিক ফলাফল সংগ্রহ ও পরিবেশন কার্যক্রম পর্যবেক্ষণের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনাও রয়েছে ২০ ডিসেম্বর।

নির্বাচনের দিনকে কেন্দ্র করে ইসি সচিবালয়ে থাকবে বিশেষ ব্যবস্থা।