ফেনীতে বোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ৪
ফেনী সদরে বোমা বানানোর সময় বিস্ফোরণে চার যুবক আহত হয়েছেন।
শনিবার বিকালে মোটবী ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামে এ বিস্ফোরণে আহতদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, বাকিদের ফেনী সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।
আহতরা হলেন লক্ষ্মীপুর গ্রামের সাইফুল ইসলাম (৩২), মো. রিপন প্রকাশ কোটবা রিপন (২৮), জামাল উদ্দিন (৩২) এবং পাশের বেদরাবাদ শিলুয়া গ্রামের শাহ আলম (২৮)।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, স্থানীয় একটি পরিত্যক্ত মুরগীর খামারে কয়েকজন যুবক বোমা তৈরি করছিলেন। এক পর্যায়ে বিকট শব্দে বিস্ফোরণ হলে এ চারজন মারাত্মকভাবে আহত হন।
সাইফুলকে মুমর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপনকে ভর্তি করা হয় ফেনী সদর হাসপাতালে।
জামাল উদ্দিন ও শাহ আলমকে একটি বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কোনো গোপন স্থানে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।
ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আলা উদ্দিন মজুমদার জানান, তাদের মুখমন্ডল, হাত ও বুকসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।
