২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে নাশকতা: ২ জামায়াতকর্মী গ্রেপ্তার

গাইবান্ধার সাঘাটা উপজেলায় রেল লাইনের ফিশপ্লেট খুলে নাশকতা সৃষ্টির মামলায় শুক্রবার রাতে দুই জামায়াতকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2013, 08:10 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

এরা হলেন উপজেলার বোনারপাড়ার ফুটানি বাজারের দুদু মিয়া (৫৫) ও সতীতলা দাখিল মাদ্রাসার সহ সুপার শহিদুল ইসলাম (৫২)।

সাঘাটা থানার ওসি রফিকুল ইসলাম জানান, শনিবার আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

এ নিয়ে এ ঘটনায় চার জনকে গ্রেপ্তার করা হল। ওই ঘটনার রাতেই সাদ্দাম হোসেন ও দুদু মিয়া নামে দুই শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়।

বুধবার রাতে রেলপথের ফিসপ্লেট ও ক্লিপ খুলে রাখায় সান্তাহার-লালমনিরহাট রেলরুটের গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলস্টেশনের অদূরে বুরুঙ্গি এলাকায় ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়ে চারজন নিহত ও অর্ধশতাধিক যাত্রী আহত হয়।

এছাড়া সান্তাহার-লালমনিরহাট রুটে ৩০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

এ ঘটনায় নাশকতা ও হত্যার অভিযোগে বোনারপাড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুল হক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।