২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার ইসিতে যাবে ফার্নান্দেজ-তারানকো

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে রোববার বসছেন জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ-তারানকো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2013, 07:51 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

নির্বাচনের সহায়ক পরিবেশ তৈরিতে রাজনৈতিক দলগুলোকে সংলাপে উৎসাহিত করতে ঢাকা সফর করছেন জাতিসংঘ মহাসচিবের এই দূত।

প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার সঙ্গে বৈঠকের পরই সিইসির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে ফার্নান্দেজ-তারানকোর।

ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানান, রোববার বেলা ১১টায় তার নির্বাচন কমিশনে আসার কথা রয়েছে।

তারানকো জাতিসংঘের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

এর আগে ২০১২ সালের ডিসেম্বরে নির্বাচন নিয়ে আন্তর্জাতিক তৎপরতায় তারানকো সিইসির সঙ্গে বৈঠক করেছিলেন।

আপিল আবেদন ৪৫টি

এদিকে শুক্রবার মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে ২৬০ জনের মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তারা। রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে শনিবার নির্বাচন কমিশনে ৪৫টি আপিল আবেদন জমা পড়েছে।

ইসির অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, ৭ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত আপিল করতে পারবেন সংশ্লিষ্টরা। ১০ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আপিল শুনানি হবে।

এখনই  নির্বাচিত ঘোষণা নয়

এবার ৩৩ আসনে একক প্রার্থী থাকলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব।

সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আপিল শুনানি হবে। ওই সময়ের পরে বিনা প্রতিদ্বন্দ্বিদের নির্বাচিত ঘোষণার বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নেবেন। প্রয়োজনে ইসি নির্দেশনা দেবেন।”

চাঁদপুর-১ আসনে একক প্রার্থী মহীউদ্দীন খান আলমগীরকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণার বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখনো গণবিজ্ঞপ্তি জারি করা হয়নি। নির্ধারিত সময়ে ইসির নির্দেশনা পেলেই ব্যবস্থা নেয়া হবে।”

১৩ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময় রয়েছে।