২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় জখম ২ ব্যক্তি

বাগেরহাট শহরে শুক্রবার রাতে আধঘণ্টার ব্যবধানে দুই স্থানে দুই ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2013, 06:06 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

গুরুতর আহত অবস্থায় শহরের দাসপাড়া এলাকার উত্তম কুমার দত্ত (৩৩) ও মুনিগঞ্জ এলাকার আব্দুর রাজ্জাক খানকে (৪০) বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দুজনের মাথা, মুখ, ঘাড়, পিঠ, হাত ও পায়ে ধারালো অস্ত্রের অনেক জখম রয়েছে।

এ ঘটনায় কোনো মামলা হয়নি এবং কেউ গ্রেপ্তারও হয়নি বলে পুলিশ জানিয়েছে।

বাগেরহাট স্বর্ণপট্টির সোনার দোকানের কর্মচারী উত্তম কুমার দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১১টার দিকে ওই এলাকায় একটি বাড়িতে বিয়ের গহনা পৌঁছে দিয়ে পঁচিশ হাজার টাকা নিয়ে তিনি বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন।

পথে মেগনিতলা ও খানকা শরীফের মাঝামাঝি এলাকায় চার-পাঁচ যুবক তার গতিরোধ করে এবং এলোপাতারি কুপিয়ে জখম করে পচিশ হাজার টাকা, সাইকেল, মোবাইল ফোন ও হাতের একটি সোনার আংটি নিয়ে যায়।

রাত ১টার দিকে পুলিশ রাস্তার পাশ থেকে তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

অপর আহত আব্দুর রাজ্জাক বাগেরহাট সদর উপজেলার বারাকপুরে অবস্থিত বেসরকারি বিনোদন পার্ক ‘সুন্দরবন রিসোর্ট’ এর গ্যারেজ রক্ষক। কাজ শেষে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে একই এলাকায় চার-পাঁচ যুবক তাকে এলোপাতারি কুপিয়ে তার কাছে থাকা প্রায় চার হাজার টাকা নিয়ে যায়।

পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বাগেরহাট সদর মডেল থানার ওসি লিয়াকত হোসেন জানান, তাদের শরীরে ধারালো অস্ত্রের বেশকিছু গুরুতর আঘাত রয়েছে। রক্তাক্ত জখম অবস্থায় তারা রাস্তার পাশে অচেতন পড়েছিলেন। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা তাদের উপর হামলা করেছে।

এ দুই ঘটনায় কেউ অভিযোগ করেনি বলে তিনি জানান।